গান, কবিতা, নৃত্য আর কথামালায় চট্টগ্রামে গতকাল রোববার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উৎসব উদ্যাপিত হয়েছে। পঁচিশে বৈশাখ উপলক্ষে নগরের ডিসি হিলের মুক্তমঞ্চ এবং শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুটি অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি চেতনার প্রতীক। বাঙালির কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে রবীন্দ্রচেতনা। যত দিন বাংলা সাহিত্য ও বাঙালি বেঁচে থাকবে, তত দিন এই কবি অমর হয়ে থাকবেন।
পঁচিশে বৈশাখ উপলক্ষে সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে। ‘চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ’ শীর্ষক এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে অভ্যুদয় সংগীত অঙ্গন।
শিল্পী শ্রেয়সী রায়ের পরিচালনায় অভ্যুদয় একে একে পরিবেশন করে ‘হে নূতন দেখা দিক আর-বার, জন্মের প্রথম শুভক্ষণ’, ‘হৃদয় নন্দনে,’ ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’, ‘আকাশ ভরা সূর্য তারা’সহ রবীন্দ্রনাথের লেখা গান।
‘এদিন আজি কোন্ ঘরে গো খুলে দিলে দ্বার’, ‘যাবার আগে জাগিয়ে দিয়ে যাও’সহ কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের খুদে শিল্পীরা।
এ ছাড়া দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তিতে অংশ নেয় সুরসাধনা, ওডিসি ট্যাগোর অ্যান্ড ড্যান্স, বোধন আবৃত্তি পরিষদ, গীতধ্বনি, গুরুকুল, সুর নন্দন, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, নৃত্যনিকেতনসহ বিভিন্ন সংগঠন।
শিল্পকলা একাডেমিতে পঁচিশে বৈশাখ উপলক্ষে বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, নারীনেত্রী জেসমিন সুলতানা ও শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল আলম।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন। বাঙালির প্রাত্যহিক জীবনধারায় রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছেন।
পরে রক্তকরবী, অভ্যুদয় এবং শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।