‘হেফাজতের বিরুদ্ধে নারীদের নামালে গজব নেমে আসবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে নারী সমাজকে মাঠে নামালে ‘আল্লাহর গজব’ নেমে আসবে বলে দাবি করেছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গতকাল শনিবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে জুনায়েদ বাবুনগরী এ দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে হেফাজতের মহাসচিব বলেন, ‘মুখে মদিনা সনদের কথা বললেও আপনি বাস্তবায়ন করছেন ভারতের সনদ।’ তিনি দাবি করেন, ১৩ দফা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। হেফাজতের যশোর জেলা শাখার সভাপতি আনোয়ারুল করীমের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তৃতা করেন মুফতি ওয়াক্কাস, মুফতি মাহফুজুল হক, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।হেফাজতের মহাসমাবেশে যশোর এবং এর আশপাশের জেলা মাগুরা, ঝিনাইদহ, নড়াইল ও সাতক্ষীরার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা যোগ দেন। নারী সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা: মহাসমাবেশের সংবাদ সংগ্রহে নারী সাংবাদিকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যশোরে কর্মরত এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েকজন নারী সাংবাদিক সংগঠনটির নেতাদের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাঁরা সমাবেশস্থলে যাওয়ার অনুমতি দেননি। ‘সাভারের ঘটনায় আ.লীগের হাত রয়েছে’: গতকাল বিকেলে পুরান ঢাকার লালবাগ বালুর মাঠে হেফাজতে ইসলামের সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের নায়েবে আমির শাহ আহমদুল্লাহ আশরাফ দাবি করেন, সাভারে ভবনধসে হত্যাকাণ্ডে আওয়ামী লীগের হাত রয়েছে। এ কারণে অপরাধীরা তাদের সাহায্যে গা ঢাকা দিয়েছে। ‘১৩ দফা মানলে দেশ ১৩ শ বছর পিছিয়ে যাবে’ সমালোচকদের এ বক্তব্যের উল্লেখ করে হেফাজতের উপদেষ্টা আবদুল লতিফ নেজামী বলেন, ‘এসব বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’ মুফতি ফয়জুল্লাহ বলেন, ৪ মের মধ্যে যদি ১৩ দফা মেনে নেওয়া না হয়, তাহলে কোরআনকে জাতীয় সংসদে, গণভবনে ও বঙ্গভবনে উপস্থাপন করা হবে। মাওলানা জসিমুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মুফতি সাখাওয়াত, আবুল হাসানাত আমিনী, আবুল কালাম আযাদ প্রমুখ। নারায়ণগঞ্জে সমাবেশ: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বিকেলে নারায়ণগঞ্জ শহরে হেফাজতে ইসলামের সমাবেশে বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী মুসলমানদের পক্ষ না নিয়ে নাস্তিকদের পক্ষ নিয়েছেন। তাই এই নাস্তিক প্রধানমন্ত্রীকে উৎখাত করা হবে। হেফাজতের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুমি, ঢাকা মহানগরের সদস্যসচিব জুনায়েদ আল হাবিব, রফিউর সুফি প্রমুখ। টঙ্গীতে সমাবেশ: টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, উপজেলার মুন্নুনগরে গতকাল হেফাজতের সমাবেশ বেলা দুইটায় শুরু হয়। সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মাসউদুল করিমের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা নুর হোসেইন কাসেমী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা বিএনপির পক্ষে হাসান উদ্দিন সরকার মঞ্চে উঠে একাত্মতা ঘোষণা করেন।