‘হেফাজতের ১৩ দফা মানলে দেশ ১৩০০ বছর পেছাবে’
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানলে দেশ তেরো শ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সমাবেশে মেনন এ মন্তব্য করেন। তিনি বলেন, ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে। হেফাজতের দাবি মেনে নেওয়ার মতো নয়। হেফাজতসহ সব মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।হেফাজতে ইসলাম ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই বলে দাবি করে রাশেদ খান মেনন বলেন, এই দুই দলকে কঠোর হাতে দমন করতে হবে। কারণ, তারা আইনের শাসন মানে না।জামায়াতকে সন্ত্রাসী কাজ করার প্রশ্রয় দিচ্ছে বিএনপি বলে অভিযোগ করে মেনন বলেন, ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। অথচ বিএনপির নেতারা এটিকে জনপ্রতিরোধ বলছেন। তাঁরা আগামী দিনে এ ধরনের হামলা হতে পারে বলেও উসকানি দিয়েছেন। এ ধরনের বক্তব্য মেনে নেওয়ার মতো নয়। জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক দল নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে সাম্যবাদী দল। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম।