'হেলে পড়েছে' ছয়তলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ‘হেলে পড়া’ একটি ছয়তলা ভবনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে আবেদন করেছে এলাকাবাসী।
এলাকাবাসী বলছেন, নগরের চান্দগাঁও থানা এলাকার জামাল খান চৌধুরী সড়কে অবস্থিত ইউসুফ ভিলা নামের একটি ছয়তলা ভবন পশ্চিম দিকে হেলে পড়েছে। ভবনের উত্তর পাশে পুকুর এবং দক্ষিণ পাশে হাঁটাচলার রাস্তা ও একটি চারতলা ভবন আছে।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, ভবনটির নিচতলায় চারটি দোকান। দোতলায় কোচিং সেন্টার এবং তৃতীয় তলায় বিউটি পারলার ও একটি বিদ্যালয়। ভবনের চার থেকে ছয় তলা পর্যন্ত খালি।
ভবনের মালিক মোহাম্মদ ইউসুফ জানান, নির্মাণকাজ শেষ না হওয়ায় ভাড়া দেওয়া হয়নি। মালিক নিজে ভবনটিতে থাকেন না।
পাশের একটি ভবনের মালিক মোহাম্মদ লোকমানের ছেলে শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমাদের ভবনের দিকে ইউসুফ ভিলার হেলে পড়ার বিষয়টি নজরে আসে। এরপর এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ভবনটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১১ নভেম্বর সিডিএকে চিঠি দিয়েছি। ভবনটি হেলে পড়ায় এখন আমরা ঝুঁকিতে আছি।’
ইউসুফ ভিলার নিচতলার স্টেশনারি দোকানের মালিক উত্তম বড়ুয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগে ভবন হেলে পড়ার বিষয়টি টের পাই।’
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ভবনটি আগে একতলা ছিল। কয়েক বছর আগে সেটি ছয়তলা করা হয়।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, চান্দগাঁও থানা এলাকার একটি ভবন হেলে পড়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা হবে, ভবনটি আসলেই হেলে পড়েছে কি না। তিনি বলেন, ভবনটি নির্মাণের সময় কিছুটা বিচ্যুতি করা হয়েছে।
তবে ভবনের মালিক মোহাম্মদ ইউসুফের দাবি, ভবন হেলে পড়েনি। তিনি প্রথম আলোকে বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য ছাদ একটু ঢালু রাখতে হয়। হয়তো আমার ভবনে সেটা একটু বেশি হয়ে গেছে। ভবনের কোনো অংশ যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে ভেঙে ফেলব।’