'হোটেলের বিরিয়ানি খেয়ে' একজনের মৃত্যু
লক্ষ্মীপুর সদর হাসপাতালে হোটেলের সরবরাহ করা খাবার খেয়ে লিটন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই খাবার খেয়ে ওই হাসপাতালের তিন চিকিৎসকসহ ২০ জন অসুস্থ হয়ে পড়েন।
এমন অভিযোগের পর আজ বুধবার দুপুরে ওই হোটেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত হোটেলের মালিককে দুই লাখ টাকা জরিমানা করে হোটেলটি সিলগালা করে দেন। অন্যদিকে, খাবার খেয়ে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত লিটনের গ্রামের বাড়ি ফেনীর মহিপাল এলাকায়। তাঁর স্ত্রী পারুল বেগম লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবদুল খায়ের নামের এক চিকিৎসকের চেম্বারে চাকরি করেন। চেম্বারটি হাসপাতালের পাশে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে একটি কর্মশালা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের ‘নাছির বিরিয়ানি হাউস’ নামের একটি হোটেলের খাবার প্যাকেট সরবরাহ করা হয়। কর্মশালায় থাকা চিকিৎসক আবদুল খায়ের নিজে না খেয়ে প্যাকেটটি চেম্বারে নিয়ে যান এবং তা তাঁর কর্মচারী পারুলকে দিয়ে দেন। কাজ শেষে পারুল তা বাড়িতে নিয়ে গেলে তাঁর স্বামী লিটন তা খান। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। সারা রাত অসুস্থবোধ করার পর আজ বুধবার সকালে তাঁর অবস্থার অবনতি ঘটে। সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, সরবরাহ করা খাবার খেয়ে হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ইকবাল হোসেন, নাক-কান-গলার কনসালট্যান্ট ওমর ফারুক খান, রেডিওলজি কনসালট্যান্ট সালাউদ্দিন পাটওয়ারী, স্বাস্থ্য কর্মকর্তা আবদুল খালেদ, গণি আমিন, চিন্ময় সাহা, লিটন হোসেন ও শিশু চাঁদনীসহ ২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত লিটনের স্ত্রী পারুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হোটেলের বিরিয়ানি খেয়েই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘খাবার খাওয়ার পর আমার বমি ও পাতলা পায়খানা শুরু হয়।’
লক্ষ্মীপুরের সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া বলেন, এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান বলেন, আজ দুপুরে শহরের নাছির বিরিয়ানি হাউসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নোংরা পরিবেশ ও অনিয়ম পাওয়ায় মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
জানতে চাইলে নাছির বিরিয়ানি হাউসের মালিকের ছেলে মো. রাসেল প্রথম আলোর কাছে দাবি করেন, মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে খাবার সরবরাহ করা হয়েছে। কিন্তু আর কোথাও এমন কোনো সমস্যা হয়নি।