'হোটেল নেপাল ফেরত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত কাজে গতকাল বুধবার কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা গ্রামে গিয়েছিলাম। দুপুরে পোড়াদহ বটতৈল সড়ক হয়ে কুষ্টিয়া শহরে ফিরছিলাম। কবুরহাট এলাকায় হঠাৎ একটি টং ঘরের দিকে চোখ পড়ল। ওপরে টিন আর চারপাশে টিনের বেড়া। সামনে একটি সাইনবোর্ড। তাতে লেখা—‘হোটেল নেপাল ফেরত’, এখানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

খাবার হোটেলের নাম দেখে মনে কৌতূহল জাগল। গেলাম সেই হোটেলে। জিজ্ঞেস করলাম হোটেলে নাম ‘হোটেল নেপাল ফেরত’ কেন?

সেখানে তখন কাজ করছিল মধ্যবয়সী রেজাউল ইসলাম এবং ছোট এক ছেলে শরীফ। রেজাউল উত্তরে বললেন, ‘এটা আফসার মোল্লার হোটেল। উনিই বলতে পারবেন। আমরা এখানে কাজ করি।’ তবে ওই সময় হোটেলে আফসার মোল্লা ছিলেন না, দেখা হলো না।

ফেরার সময় নিয়ে আসা মোবাইল ফোন নম্বরে আজ বৃহস্পতিবার সকালে কল দিলাম। প্রথম দুবারে ধরলেন না আফসার মোল্লা। তৃতীয়বারের চেষ্টায় তাঁকে পাওয়া গেল। পরিচয় দিয়ে জানতে চাইলাম, হোটেলের এমন নাম কেন? শুনে একটু হাসলেন। বললেন এমন নামের কাহিনি।

আফসার মোল্লার ভাষ্য, গত বছরের মাঝামাঝি সময়ে দালালের মাধ্যমে তিনি হিলি সীমান্ত দিয়ে নেপালে গিয়েছিলেন। খরচ হয়েছিল ৩৫ হাজার টাকা। দালালেরা বলেছিল, প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেবে। কিন্তু বেতন পেলেন মাসে মাত্র ১২ হাজার টাকা। কম বেতনে কিছুই হতো না। তিন মাস কাজ করলেন। তারপর ফিরে এলেন দেশে। সঙ্গে যোগ করলেন, ‘নেপাল খুবই গরিব দেশ। আমাদের থেকেও। না বুঝে দালাল ধরে সেখানে গিয়েছিলাম।’

দেশে ফিরে কবুরহাটে জনৈক বাদশার খাবারের হোটেলে কাজ নেন আফসার। কয়েক দিন পর বাদশা টং ঘরের হোটেলটি বিক্রি করে দেন। তখন তিনি সেটি কিনে নেন। আফসার জানালেন, নেপাল থেকে ফিরে এখানে কাজ করছেন বলে নাম রাখলেন ‘হোটেল নেপাল ফেরত’। এই হোটেলে কবুরহাট এলাকায় চাল উৎপাদনের কাজে ব্যস্ত চাতালশ্রমিকেরা সকালের নাশতা ও দুপুরের খাবার খেতে আসেন।

আফসার বললেন, ‘ভাই, খুব বেঁচে গেছি।’ নেপালের কাঠমান্ডুতেই কাজ করতেন তিনি। টিভিতে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ছবি দেখে তাই ভীষণ খারাপ লেগেছে তাঁর। ওই দেশে থাকলে তাঁর কী হতো, ভেবে শঙ্কিত তিনি। তবে এখন ভালো আছেন। জানালেন, ‘এখন দেশে দুবেলা খেয়ে ভালোভাবেই সংসার চালিয়ে যাচ্ছি।’

আফসারের বাড়ি কবুরহাট এলাকায়। সংসারে মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আছে।