'হোটেলশ্রমিকের' বিশাল ভোজসভা
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন পেশায় হোটেলশ্রমিক। এ পেশা থেকে বার্ষিক আয় এক লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া কৃষি খাত থেকে বছরে আয় সাত হাজার টাকা। ওই ‘আয়ের’ টাকায় ২০টি গরু ও ৫০টি খাসি দিয়ে আজ বৃহস্পতিবার মহান মে দিবসে ৩০ হাজার মানুষকে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন।
ব্যক্তিটি হলেন টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী। ভোজসভার শিরোনাম দিয়েছেন ‘টিউবওয়েল মার্কার মিলনমেলা’। আব্বাস আলীর নির্বাচনী প্রতীক ছিল টিউবওয়েল। তিনি নির্বাচনে বিজয়ী হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ওই ভোজসভার আয়োজন করেছেন বলে সমর্থকেরা জানিয়েছেন।
এদিকে হলফনামা অনুযায়ী যাঁর মাসিক আয় প্রায় সাড়ে ১০ হাজার টাকা। অথচ তিনি কীভাবে প্রায় ১০ লাখ টাকা খরচের ভোজসভার আয়োজন করছেন, তা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এ আয়োজনের জন্য আব্বাস আলী ও তাঁর সমর্থকেরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়েছেন। অনেকে চাঁদা দেওয়ার কথা স্বীকার করলেও ভয়ে নাম প্রকাশ করতে চাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানান, শুধু টাকা নয় বিভিন্নজনের কাছ থেকে গরু, ছাগলও অনুদান হিসেবে নেওয়া হয়েছে।
গতকাল সকালে শহরের নিরালা মোড়ে জেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে দেখা যায়, ১৫টি গরু বাঁধা। আরও গরু আনতে হাটে লোক গেছেন বলে জানালেন আব্বাসের লোকজন। মাহমুদুল হাসান কলেজে গিয়ে চোখে পড়ে মাঠজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ। কাজ তদারকের দায়িত্বে থাকা লালমিয়া নামের একজন জানান, প্যান্ডেলের ভেতর একসঙ্গে তিন হাজার লোকের বসার ব্যবস্থা করা হচ্ছে। ওই ভোজসভার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ রঙিন আমন্ত্রণপত্র বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় ‘মিলনমেলার’ উদ্বোধন করবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সাহিদুর রহমান খান।
প্রধান অতিথি হিসেবে থাকবেন মেয়রের বড় ভাই ও টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগদলীয় সাংসদ আমানুর রহমান খান। প্রধান বক্তা থাকবেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন। সভাপতিত্ব করার কথা শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের। মিলনমেলা উপলক্ষে সন্ধ্যায় শহরের প্রধান শহীদ মিনারে কনসার্টের আয়োজন করা হয়েছে।
ভোজসভার ব্যাপারে আব্বাস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিতে ঢাকায় গেছেন বলে জানা যায়। তাঁর মুঠোফোনে দুপুর, বিকেল ও রাতে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবদুল লতিফ জানান, এটা তাঁদের দলীয় আয়োজন নয়। এটা আব্বাস আলীর ব্যক্তিগত উদ্যোগ।