'হোন্ডা আর গুন্ডা আমার পছন্দ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেছেন, ‘হোন্ডা আর গুন্ডা আমার পছন্দ নয়। নিবন্ধন ছাড়া মোটরসাইকেল চালানো আমি পছন্দ করি না। এখন থেকে নিবন্ধন ছাড়া মোটরসাইকেলের চালককে চড়া জরিমানা দিতে হবে।’

আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে নবাগত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম এ কথা বলেন। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার পদে যোগদান করেন তিনি।

মোজাহিদুল ইসলাম সাংবাদিকদেরও নিবন্ধন ছাড়া মোটরসাইকেল না চালাতে আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের ছাড় দেওয়া হলে অন্যদের ওপর কড়াকড়ি করাটা শোভন দেখায় না।’

পুলিশ সুপার বলেন, রাত আটটার পর যৌক্তিক কারণ ছাড়া কোনো শিক্ষার্থীকে বাড়ির বাইরে পাওয়া গেলে তাঁকে আটক করা হবে। মা–বাবা ছাড়া অন্য কারও তদবিরে তাদের ছাড়া হবে না।

চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ারও অঙ্গীকার করেন পুলিশ সুপার। এ ছাড়া মেয়েদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি।