‘কলেজ হোস্টেলকে (ছাত্রাবাস) আমরা নিজের বাড়ির মতো মনে করি। কেউ নিজের বাড়ি পুড়িয়ে দিতে পারে না। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র নামধারী সন্ত্রাসী। এমসি কলেজের হোস্টেল নয়, পুড়েছে আমাদের হূদয়।’ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ‘এমসি কলেজের সাবেক সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’—এই ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কলেজটির সাবেক শিক্ষার্থীরা ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেন।সাবেক শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং কলেজটির বর্তমান শিক্ষার্থীরা। তাঁরা, ঘটনার পাঁচ দিন পরও জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল আজিজ, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর, নারীজোটের সভানেত্রী শামীমা আক্তার, রাজনীতিবিদ হাবিবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন, এমসি কলেজের সাবেক শিক্ষার্থী সমশের রাসেল, ওয়াসিমুজ্জামান অনি, কামরুল আহবাব, আখলাকুল আম্বিয়া, সাদিয়া নওশিন প্রমুখ। মো. আবদুল আজিজ বলেন, ‘দুটি কারণে সিলেটকে মানুষ চিনতে পারে। একটি সুরমা নদীর কিনব্রিজ অন্যটি এমসি কলেজের ছাত্রাবাস। এখানে লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, অধ্যক্ষও ছিলাম। যে ছাত্রাবাস পোড়ানো হয়েছে, সেই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলাম ১০ বছর। এর সঙ্গে অনেক স্মৃতি, ইতিহাস জড়িয়ে আছে।’ তিনি বলেন, আমাদের সবার একটিই দাবি, ছাত্রাবাসটি যেন আগের কাঠামোয় ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। উল্লেখ্য, গত রোববার রাতে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।