‘হ্যালো ব্যবসা’ এখন কুষ্টিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চক্রের সদস্যরা বিভিন্ন জেলা শহরে গিয়ে বিত্তশালীদের মুঠোফোন ও বাসার টেলিফোন নম্বর সংগ্রহ করেন। বাসায় ফোন করে বিভিন্ন তথ্য জেনে নেন। পরে গৃহকর্তাকে ফোন করে সন্তানদের সম্পর্কে জানা বুলি আওড়ে ভড়কে দেন। একপর্যায়ে সন্তানদের অপহরণের ভয় দেখিয়ে টাকা দাবি করেন তাঁরা।চাঁদাবাজ চক্রের কাছে এটি ‘হ্যালো ব্যবসা’ নামে পরিচিত। মাস খানেক ধরে কুষ্টিয়ায় নানাজনের কাছে এই চক্রের সদস্যরা ফোন করছেন। এ নিয়ে জেলাবাসী আতঙ্কের মধ্যে আছেন।কুষ্টিয়া পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আনোয়ার হোসেন দিন পনেরো ধরে তাঁর ব্যক্তিগত মুঠোফোন ও বাসার টেলিফোনটি বন্ধ রেখেছেন। গত ২৪ মে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে মহিউদ্দিন সিকদার নামে একব্যক্তি মুঠোফোনে আনোয়ার হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিতে পারলে পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে তিনি ফোন বন্ধ রাখেন।জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রথম আলোকে বলেন, শুধু আনোয়ার হোসেনই নন, গত এক মাসে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজের শিক্ষক, এনজিও কর্মকর্তা, সাধারণ ব্যবসায়ীসহ প্রায় ১০০ জনকে একই মুঠোফোন (০১৯৪৫৩০০৬৮৯) থেকে হুমকি দেওয়া হয়।কুষ্টিয়া মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে মহিউদ্দিন সিকদার নিজেকে একটি সংগঠনের প্রধান পরিচয় দিয়ে ফোনে চাঁদা দাবি করে আসছেন। এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এক মাসে কুষ্টিয়া সদর থানায় অন্তত ১১টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মৌখিকভাবে অভিযোগ করেছেন আরও ১০০ জন। জেলা পুলিশ গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুরে বসে সারা দেশে মুঠোফোনে এই চাঁদাবাজি করা হচ্ছে। গত শনিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদি গ্রামে অভিযান চালিয়ে নান্নু শেখ (৩০) ও চর মস্তফাপুরের বোরযোগ খন্দকারকে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার বেলা ১১টার দিকে তাঁদের কুষ্টিয়া জেলা প্রশাসনের সমেঞ্চলনকক্ষে হাজির করা হয়। গ্রেপ্তারকৃত নান্নু শেখ সাংবাদিকদের জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ফোনে চাঁদাবাজির এ কাজে রাজৈর উপজেলার লুন্দী গ্রামের ৯৫ শতাংশ মানুষ জড়িত। এটা ‘হ্যালো ব্যবসা’ নামে সবার কাছে পরিচিত। প্রথমে পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। পরে ১০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে সমঝোতায় পৌঁছায়। শেষমেশ না পেলে এক হাজার টাকার মুঠোফোন রিচার্জেও সন্তুষ্ট হয়। নান্নু শেখ আরও বলেন, এ চক্রের বেশ কয়েকজন বিভিন্ন জেলা শহরে গিয়ে মুঠোফোন ও অফিসের টেলিফোন নম্বর সংগ্রহ করেন। বাসার নম্বরে ফোন করে সন্তানদের নাম, কে কোথায় পড়ে—সব তথ্য কৌশলে জেনে নেন তাঁরা। কিছুদিন পর গৃহকর্তাকে ফোন করে বলেন, ‘আপনার অমুক সন্তান অমুক স্কুলে পড়ে। এত টাকা না পাঠালে সন্তানকে অপহরণ করা হবে।’কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, চাঁদাবাজির অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘মুঠোফোনে প্রযুক্তি ব্যবহার করে রাজৈর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মূল হোতা লুন্দী গ্রামের সৈয়দ আসাদ আলী মীরকে (২৮) পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’