‘হয় নাগরিকত্ব নয় মৃত্যু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ঘেঁষে পুটিমারি ছিটমহলে স্থাপিত মঞ্চে ১৪ দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে ছিটমহলবাসী। ১৯৭৪-এর ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে তারা বাংলাদেশের নাগরিকত্ব চায়।অনশনরত শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। হয় নাগরিকত্ব, নয় মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না।’ অনশনরত ছিটমহলবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এসব ছিটমহলের মানুষেরা তাঁদের মৌলিক অধিকারসহ নাগরিকত্বের দাবিতে ৬৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। কিন্তু সে দাবি আজও বাস্তবায়িত হয়নি। ১৯৪৭-এ দেশভাগের পর ১৯৫৮ সালে নেহরু-নুন, ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪-এ ইন্দিরা-মুজিব চুক্তি স্বাক্ষরের পর সেই চুক্তির আলোকে তিনবিঘা করিডর ও বেরুবাড়ি ছিটমহল বিনিময় করা হলেও বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিনিময়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চুক্তির মধ্যেই বিষয়টি ঝুলে আছে। ১৯৭৪-এ ইন্দিরা-মুজিব চুক্তির পর ১৯৯২-এ রাও-খালেদার মধ্যে ছিটমহল বিনিময়সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এর পরও ছিটমহলের মানুষের কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়নি। সর্বশেষ ২০১১ সালের ৬ সেপ্টেম্বর হাসিনা ও মনমোহনের মধ্যে প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। প্রটোকল চুক্তি স্বাক্ষরের পাঁচ মাসেও তার বাস্তবায়ন না হওয়ায় আশাহত হয়ে পড়েছেন লক্ষাধিক ছিটমহলবাসী। অনশনরত ভারত-বাংলাদেশ ছিটহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা এসব ছিটমহলের নাগরিকদের কোনো দেশ নেই, জাতীয়তা নেই।’