'হয়তো প্রশ্ন করবে ধানগাছে তক্তা হয় কি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ এবং ১৪২২ প্রদান করেন। ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ এবং ১৪২২ প্রদান করেন। ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের বেড়ে ওঠা শিক্ষার্থীদের মাটির সংস্পর্শহীনতায় শঙ্কা প্রকাশ করেছেন। তাই তিনি সন্তানদের মাঠপর্যায়ের কৃষিকাজের বিষয়ে ধারণা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন, ‘ছেলেমেয়েরা অন্ধ (বাস্তবতাবিবর্জিত) হয়ে যেন না থাকে, সে বিষয়টিতে আপনাদের দৃষ্টি দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘ধান কাটে বা ধান লাগায়—এমন মৌসুমে অবশ্যই শিক্ষার্থীদের গ্রামে সেই ধানখেতের পাশে নিয়ে যাওয়া উচিত। ছোটবেলা থেকেই তাদের বোঝানো উচিত, এই দেশটা কীভাবে চলছে, খাদ্য কীভাবে আসছে।’

আজকাল শহরে যেসব ছেলেমেয়ে মানুষ হয়, তাদের অনেকে এসব সম্পর্কে জানতেও পারে না বলে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, জানি না, একদিন তারা হয়তো প্রশ্ন করবে, ধানগাছে তক্তা হয় কি না।

উদাহরণ টেনে তিনি বলেন, আধুনিক বিশ্বের অনেক ছেলেমেয়েকে কোনো ফল খাওয়া অবস্থায় এই ফলটা কোথায় পাওয়া যায়?—জিজ্ঞেস করলে, সে বলবে সুপার মার্কেটে পাওয়া যায়। কোথায় উৎপাদন হয়েছে—এ বিষয়টিই তার মাথায় নেই।

শেখ হাসিনা আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ এবং ১৪২২ প্রদান করেন। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের কৃষি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে। ১০টি শ্রেণিতে পাঁচটি সোনা, নয়টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মইনুদ্দিন আবদুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ষড়্ঋতুর বাংলাদেশে সুস্থ থাকার জন্য মৌসুমি ফলমূল খাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ঋতুতেই দেশজ নতুন যেসব ফল রয়েছে, সেসব খেলে সে সময়কার বিভিন্ন রোগব্যাধি থেকে নিস্তার পাওয়া সম্ভব হয়, সেসব রোগব্যাধির জন্য প্রতিরোধক শক্তি এসব ফলমূলে রয়েছে।

দেশব্যাপী শিল্পের বিকাশে তাঁর সরকারের এক শ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে ক্ষুদ্র, মাঝারি, কুটির এবং বৃহৎশিল্প স্থাপন করা। এ জন্য ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। যে এলাকায় যে পণ্য ভালো হয়, সেখানে সে ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প-কারখানা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেন আপৎকালীন রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি রপ্তানিও করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র শিল্প-কারখানা স্থাপন করে কৃষিজমি, বনভূমি যেন নষ্ট না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।


শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দেশের ভৌগোলিক অবস্থান, মাটির চাহিদা, জলবায়ু—সবকিছু বিবেচনায় নিয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নেব ও দেশের মানুষের জীবনমান উন্নত করব।’

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল।
তিনি বলেন, ‘আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশে উন্নীত হয়েছে এবং দারিদ্র্য ২২ শতাংশে নেমে এসেছে।’