‘হয়রানিমূলক’ মামলা ও এক নেতার ‘রাজনৈতিক মৃত্যু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যামামলার বাদী সিলেটের জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। ওই মামলায় ছাত্রলীগের এক কর্মীকে আসামি করে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ দাবি করে তাঁর অব্যাহতির আবেদনে মামলার বাদী কৃষকলীগের নেতাকে ‘বিএনপির নেতা’ হিসেবে উল্লেখ করা হয়। অব্যাহতির এ আবেদন সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) যাচাই-বাছাই করে সুপারিশ ও দরখাস্ত আকারে আদালতে উপস্থাপন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১২ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার দরবস্ত ডিগ্রি কলেজের ছাত্র সুয়েব আহমদ দুলালের (২৪) গলাকাটা মরদেহ সিলেট এমসি কলেজমাঠ থেকে উদ্ধার করা হয়। পরদিন দুলালের চাচা জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। প্রায় দুই বছর পর আবু খালেদ ওরফে রুমেল নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুমেল জানান, প্রেমসংক্রান্ত ঘটনায় দুলালকে তাঁরা খুন করেন। পরে রুমেলসহ জেলা ছাত্রলীগের কর্মী জহিরুল ইসলাম ওরফে জুয়েল ও মাহবুব আহমদকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে আসামিদের অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর জুয়েল খুনের মামলায় তাঁকে আসামি অন্তর্ভুক্ত করার বিষয়টিকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ দাবি করে অব্যাহতির আবেদন করেন। এ আবেদনে সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ সুপারিশ করেন। তাঁর স্বাক্ষরিত দরখাস্ত সম্প্রতি সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতে উপস্থাপন করা হয়েছে। ওই দরখাস্তে মামলার বাদীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ‘বাদী আবদুস সাত্তার থানা বিএনপির নেতা। কথিত ঘটনাকে কেন্দ্র করিয়া চারদলীয় জোট সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মদদে আবেদনকারীকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য মামলায় জড়িত করেন।’এ ব্যাপারে বাদীপক্ষের এক আইনজীবী প্রথম আলোকে জানান, পিপির ওই দরখাস্তের পর আদালতে বাদী আবদুস সাত্তার আরেকটি দরখাস্ত দিয়ে আসামির নাম প্রত্যাহার না করার আবেদন করেন। দুটি আবেদনই শুনানির অপেক্ষায় রয়েছে। সিলেটের পিপি মিসবাহউদ্দিন সিরাজ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আলাপকালে তিনি সুপারিশের সত্যতা স্বীকার করেন। কিন্তু মামলার বাদী বিএনপির নেতা না আওয়ামী লীগের নেতা—এ বিষয়ে তিনি কাগজপত্র না দেখে বলতে পারবেন না বলে জানান। কাগজপত্রে এ রকম উল্লেখ থাকার কথা জানালেও তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। মামলার বাদী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘খুনের ঘটনার তদন্ত হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। জবানবন্দি রেকর্ড করে ওই সময়ই আসামি অন্তর্ভুক্ত করা হয়। ওই সময়ের একটি ঘটনাকে রাজনৈতিক হয়রানিমূলক বলা রীতিমতো অবিচার।’ আসামির অব্যাহতির দরখাস্তে তাঁকে ‘বিএনপি নেতা’ বলে উল্লেখ করা প্রসঙ্গে তিনি অনেকটা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পিপি সাহেব যদি শুধু পিপি সাহেব হতেন, তাহলে আমার বলার কিছু ছিল না। কিন্তু তিনি তো আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। দলের সর্বোচ্চ একটি পদে থেকে যখন তৃণমূল পর্যায়ের একজন নেতাকে বিএনপি নেতা বানিয়ে ফেলেন, তখন এ বিষয়টি আমার জন্য রাজনৈতিক আদর্শগতভাবে মৃত্যুর শামিল। আমি আমার ভাতিজা হত্যার সুবিচার চাই।’জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মখলিছুর রহমান দৌলা জানান, ‘আবদুস সাত্তার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। তাঁর সহোদর আবুল হাসনাত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। এখন কার স্বার্থে তাঁকে (আবদুস সাত্তার) বিএনপি নেতা বানানো হলো—বিষয়টি দলের সর্বোচ্চ ফোরাম থেকে খতিয়ে দেখা দরকার।’