রমজান মাসে ভোগ্যপণ্যের মতো কাপড়ের দোকানেও সরকারের তদারকি থাকা উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মানুষের অজ্ঞতার সুযোগে অভিজাত শপিং সেন্টারগুলোতে পোশাকের গলাকাটা দাম রাখা হয়। ঈদের সময় মধ্যবিত্ত পরিবারের লোকজন কেনাকাটা করতে গিয়ে হিমশিম খান। ১০ হাজার টাকার শাড়ি বিক্রি করা হয় লাখ টাকায়।
গতকাল বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার। ‘রমজান মাসে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে’ এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
সভায় কাপড়ের দাম নিয়ে পুলিশ সুপারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিভিন্ন শপিং মলে পোশাকের দাম তদারকিতে একটি কমিটি গঠন করার আশ্বাস দেন।
সভায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, রোজার পণ্যের পর্যাপ্ত মজুত আছে। ক্রেতাদের একসঙ্গে পুরো মাসের বাজার না করতে তিনি পরামর্শ দেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, রোজার বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল রোধ করতে ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসনের তদারকি কমিটি নিয়মিত কার্যক্রম চালাবে। সৎ ব্যবসায়ীরা যাতে হয়রানি বা ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ রাখা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, সরকারি হিসাবে বলা হচ্ছে, রোজায় ৭০ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। অথচ আমদানি হয় ২ লাখ ২০ হাজার টনের বেশি। কম চাহিদার তথ্য দিলে ব্যবসায়ীরা কীভাবে আমদানি বাড়াবেন।
খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ বলেন, গত অক্টোবরে ছোলা উৎপাদনের মৌসুমে টনপ্রতি দাম ছিল ৭৪০ ডলার। এখন দাম বেড়ে ১ হাজার ৬০ ডলারে পৌঁছেছে। তবে রসুনের দাম আন্তর্জাতিক বাজারে কমছে। রোজায় ভোজ্যতেল ও চিনির দাম সহনীয় করতে পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বসা উচিত।