ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কের পাশে আরেকটি এক্সপ্রেসওয়ে নির্মাণ নিয়ে ব্যবহারকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রকল্পের কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত অ্যালাইনমেন্ট এবং নকশা সম্পর্কিত’ এ মতবিনিময় সভা হয়। এতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিশির কান্তি রাউত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সওজ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবুল আলম, এক্সপ্রেসওয়ের পিপিপি ডিজাইন প্রকল্পের ‘টিম লিডার’ গেভিন স্ট্রাড, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম বন্দর, রেল, পিডিবিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রকল্প পরিচালক শিশির কান্তি রাউত জানান, ২০২০ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ সামলাতে চার লেনের পাশে ২১৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সড়কে ৬৪টি আন্ডারপাস (পাতাল পথ), প্রায় ১৪৫টি পদচারী-সেতু, সাতটি ইন্টারচেঞ্জ (মূল সড়ক থেকে পার্শ্ববর্তী সড়কে যাওয়ার জন্য র্যা ম্প) ও ১০ লেনের টোল প্লাজা রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মহাসড়কের পাশে বিভিন্ন বাজার ও সংযোগ সড়কের অংশে যানজট এড়ানোর জন্য ১৮ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত এ অ্যালাইনমেন্টে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। প্রতি ঘণ্টায় গাড়ি ১০০ কিলোমিটার বেগে চলতে পারবে। ফলে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাতায়াত করা যাবে।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, চট্টগ্রামে বন্দর থাকার কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রামকেন্দ্রিক। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রামের সঙ্গে হয়। নতুন এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। দেশের সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভূমির অপচয় করা ঠিক হবে না। এ ছাড়া রাস্তা পারাপারের জন্য পাতাল সড়ক ও পদচারী-সেতু এমনভাবে করতে হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, বড় প্রকল্প বাস্তবায়নের সময় নতুন নতুন সমস্যা তৈরি হয়। এসব সমস্যা আগেই চিহ্নিত করে এই প্রকল্পটি বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে, যাতে প্রকল্পের মেয়াদ ও খরচ না বাড়ে।