'১০০ টাকাও আয় করতে পারি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যান চলাচল কম। ফলে বিপাকে পড়েছেন এই ঘাটের শ্রমিকেরা। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় হতো, এখন ১০০ টাকাও হয় না। ছবিটি আজ বুধবার সকালে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট থেকে তোলা। ছবি: প্রথম আলো
হরতাল-অবরোধের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যান চলাচল কম। ফলে বিপাকে পড়েছেন এই ঘাটের শ্রমিকেরা। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় হতো, এখন ১০০ টাকাও হয় না। ছবিটি আজ বুধবার সকালে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট থেকে তোলা। ছবি: প্রথম আলো

‘আগে দিনে ৫০০-৬০০ টাকা আয় হতো। এখন ঘাটে তেমন গাড়ি না থাকায় সারা দিনে ১০০ টাকাও আয় করতে পারি না।’

আজ বুধবার এভাবেই নিজের দুর্গতির কথা জানান শেখ ইমান আলী। রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাটের ডিম বিক্রি করছিলেন তিনি। পঞ্চাশোর্ধ্ব এই ডিম বিক্রেতার আয়ের ওপরই স্ত্রী ও চার ছেলেমেয়ের সংসার নির্ভরশীল।

টানা অবরোধ ও হরতালে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট অনেকটাই অচল। কাজ না থাকায় এ ঘাটের ওপর নির্ভরশীল পাঁচ শতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।

খুব ভোরে ডিম নিয়ে এসেছেন ইমান আলী। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র একটি ডিম বিক্রি করতে পেরেছেন তিনি। অথচ ছোট ছেলের জন্য স্কুলের পোশাক দরকার। পোশাক না থাকায় শিক্ষকেরা ক্লাসে ঢুকতে দেন না। বড় ছেলে পড়াশোনা করে। তারও একই অবস্থা। কিন্তু এভাবে চলতে থাকলে কী হবে—ভেবে কূল পাচ্ছেন না তিনি।

ট্রাক পারাপারের কাজে নিয়োজিত শ্রমিক শাজাহান বিশ্বাস ও নুরুল আলমের ভাষ্য, প্রতিদিন ট্রাকসহ পণ্যবাহী গাড়ি পারাপারে সহযোগিতা করার বিনিময়ে তাঁরা ২০০-৩০০ টাকা আয় করতেন। কিন্তু ট্রাক চলাচল বন্ধ থাকায় তাঁদের সেই রোজগার অনেকটাই বন্ধ।

দৌলতদিয়া লঞ্চঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার মিলন জানান, রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট। প্রতিদিন এ ঘাট দিয়ে অন্তত পাঁচ হাজার যানবাহন পারাপার হয়। দিনমজুর, বিভিন্ন ধরনের ফেরিওয়ালাসহ ৫০০ জনের বেশি শ্রমিক এ ঘাটে কাজ করে জীবিকা চালান। কিন্তু অবরোধ ও হরতালে গাড়ি চলাচল না করায় ফেরি ও লঞ্চঘাটগুলো অনেকটা অলস অবস্থায় পড়ে আছে। এতে এ ঘাটের ওপর নির্ভর শ্রমিকেরাও বেকার হয়ে পড়ছেন।