‘১১ কর্মকর্তা-কর্মচারীর কেউ অফিস করেন না, উপজেলার আর্সেনিক ও স্যানিটেশনের প্রকৃত চিত্র তাঁদের কারও জানা নেই।’ ভৈরব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্পর্কে এমন নেতিবাচক ধারণা জনপ্রতিনিধি-উপজেলা প্রশাসন থেকে শুরু করে ভুক্তভোগীদের। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বহীনতার কথা জানিয়ে সংশ্লিষ্ট বিভাগকে লিখিতভাবে অবহিত করেও পরিবর্তন আনা যায়নি। এ অবস্থায় গত রোববার ‘আর্সেনিকোসিস রোগনির্ণয় ও ব্যবস্থাপনাবিষয়ক’ এক দিনের কর্মশালায় প্রশাসন ও অংশগ্রহণকারীদের তোপের মুখে পড়েন উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। চাপে পড়ে একপর্যায়ে তিনি সবার উপস্থিতিতে শপথ করেন সপ্তাহের রবি ও সোমবার তিনি অফিস করবেন এবং অন্যদেরও উপস্থিত রাখবেন।গণমাধ্যমকর্মীরা আর্সেনিকের চিত্র জানতে গতকাল সোমবার সকালে অফিসে যাওয়ার আগ্রহ দেখান। নয়টার পরিবর্তে উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম ১০টায় উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান। সেই হিসেবে গতকাল সকাল ১০টায় গিয়ে দেখা যায়, অফিসে কেউ আসেননি। কিছু সময় পর অফিসে আসেন অফিস সহকারী।কথা দিয়েও অন্তত এক দিনের জন্য অফিসে না আসতে পারার ব্যাপারে অফিস সহকারী আয়েছ আলী প্রথম আলোকে বলেন, ‘আজ আপনারা আসবেন, স্যার (রাশেদুল ইসলাম) আমাদের বলেছেন। এ জন্য সবাইকে থাকতেও বলেছেন। এখনো কেন যে অন্যরা এল না, কেন যে স্যারও এলেন না—বুঝতে পারছি না।’বেলা সোয়া ১১টা পর্যন্ত কারও দেখা না পাওয়ায় উপসহকারী প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। রাশেদুল ইসলামের একাধিক নম্বরের সব কটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এমনিতেই জনস্বাস্থ্যের ১২টা বেজে আছে। আর যা হোক, এ অবস্থায় তাদের হাতে জনস্বাস্থ্য নিরাপদ নয়। ভৈরব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, অফিস পরিচালনার জন্য ১১ জন কর্মকর্তা-কর্মচারীর পদায়ন আছে। উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম যোগ দিয়েছেন ২০১০ সালের ১৫ জুন। অভিযোগ আছে, ১৯ মাসে উপসহকারী প্রকৌশলী ১০ দিনও অফিস করেননি। এমনকি উপজেলার কোনো সভা-সেমিনারে পর্যন্ত তিনি উপস্থিত থাকেন না। ব্যতিক্রম ছিল গত রোববার। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় আর্সেনিকোসিস রোগনির্ণয় ও ব্যবস্থাপনাবিষয়ক এক দিনের কর্মশালায় তিনি উপস্থিত ছিলেন। কর্মশালায় তিনি জনস্বাস্থ্যের বিশ্বাসযোগ্য চিত্র উপস্থাপন করতে পারেননি।কর্মশালায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক সবাইকে অবহিত করেন, ভৈরব উপজেলার আর্সেনিকের মাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে। ইউনিয়ন পর্যায় থেকে পৌর এলাকার চিত্র বেশি ভয়াবহ।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া কর্মশালায় বলেন, ‘একটি আর্সেনিকমুক্ত নলকূপ পেতে এক বছর আগে টাকা জমা দিয়েছি। অনেক ঘুরেছি। এখনো পাইনি।’শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলিম মিয়া বলেন, ‘চেয়ারম্যান হবার পর রাশেদুল ইসলামকে দেখার সৌভাগ্য আমার হয়নি।’ সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, জনস্বাস্থ্যে অফিসটি এখন অসুস্থ হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিতির রোগের নিরাময় প্রয়োজন।