‘১৯৭১ সালের অপরাধের জন্য তাঁর (মীর কাসেম আলী) একবার নয়, ১৪ বার ফাঁসি হওয়া উচিত।’ মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল মঙ্গলবার খারিজ করে দেওয়ার পর এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মামলার সাক্ষী মৃদুল দে।
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম নগরের হাজারী গলির বাসিন্দা মৃদুল দের প্রতিবেশী টুনটু সেন ও রণজিতকে ধরে নিয়ে যাওয়া হয় আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র ডালিম হোটেলে। পরে তাঁদের হত্যা করা হয়।
মৃদুল দে বলেন, ‘মীর কাসেম আলী হিন্দু অধ্যুষিত হাজারী গলিকে টার্গেট করেছিলেন। এরই অংশ হিসেবে এখান থেকে টুনটু ও রণজিতকে ধরে নিয়ে যাওয়া হয়।’
কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে অপহরণ ও হত্যার দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড হয়। জসিম উদ্দিনের মামাতো বোন হাসিনা খাতুন মামলার সাক্ষী ছিলেন। ষাটোর্ধ্ব হাসিনা খাতুন জানান, ’৭১ সালে তাঁর (হাসিনার) বাসায় ভাত খেয়ে বের হওয়ার পর জসিমকে ধরে নিয়ে যাওয়া হয় ডালিম হোটেলে। পরে তাকে হত্যা করা হয়। তিনি বলেন, ‘এ রায়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’ মামলার আরেক সাক্ষী জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘আজ আমার খুশির দিন।’
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) চট্টগ্রাম নগর কমান্ডার সৈয়দ মো. এমরান, তাঁর এক আপন ভাই ও চার চাচাতো ভাইকে ডালিম হোটেলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। মো. এমরান এবং তাঁর দুই চাচাতো ভাই মো. জামাল উদ্দিন ও সরওয়ার উদ্দিন এ মামলার সাক্ষী।
মো. এমরান বলেন, ‘যে রায় প্রত্যাশা করেছিলাম, সেটি পেয়েছি। এখন যত দ্রুত রায় কার্যকর হয় ততই মঙ্গল।’
ডালিম হোটেলকে জাদুঘর করার দাবি: একাত্তরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকার ডালিম হোটেলে স্থাপন করা হয়েছিল আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র।
তিনতলা ডালিম হোটেলের নাম ছিল মহামায়া ডালিম ভবন। ভবনের মালিক চন্দ্রমোহন নাথ যুদ্ধ শুরু হলে সপরিবার পালিয়ে যান। তখন ভবনটি দখলে নিয়ে আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র বানানো হয়। একাত্তরে ভবনটি ডালিম হোটেল নামে পরিচিতি পায়। এখন ভবনটিকে জাদুঘর করার দাবি তুলেছেন মুক্তিযোদ্ধারা।
মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের মামলার ১ নম্বর সাক্ষী মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইমরান গতকাল প্রথম আলোকে বলেন, ‘যে নির্যাতন আমাদের ওপর করা হয়েছে, তা কখনো ভুলব না। হোটেলটির প্রতিটি কক্ষ থেকে ভেসে আসত কান্না।’
মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরীকে নগরের মাদারবাড়ি থেকে ধরে নেওয়া হয়েছিল ওই ভবনে। তিনি বলেন, ‘সারাক্ষণ চোখ বেঁধে রাখা হতো আমাদের। খেতে দিত না। শারীরিক ও মানসিক নির্যাতন করত। পরে ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা আমাদের ওই কারাগার থেকে মুক্ত করে আনেন।’ জাহাঙ্গীর চৌধুরী ভবনটি সংরক্ষণ করে মুক্তিযুদ্ধের সংগ্রহশালা করার দাবি জানান।
গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘শত শত মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত ভবনটি জাদুঘর করা হোক। তাহলে আগামী প্রজন্ম জানবে কীভাবে সেদিন আমাদের যোদ্ধারা নির্যাতিত হয়েছিলেন।’
এখন ভবনটির প্রতি তলায় ভাড়াটে থাকেন। বাড়ির মালিক চন্দ্রমোহন নাথের ছেলেরা ভবনটি দেখাশোনা করেন বলে জানা গেছে।