'১৫ লাখ শিক্ষার্থীকে জিম্মি করেছেন রাজনীতিবিদেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ের বাজিতে দেশের ১৫ লাখ পরীক্ষার্থীকে জিম্মি করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। তিনি বলেন, দুই জোটের ক্ষমতার লড়াইয়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এই সহিংসতা বন্ধ করতে হবে।
‘চলমান রাজনৈতিক সংকটে শিক্ষা ও অর্থনীতি ধ্বংসের পথে, অবিলম্বে জাতীয় সংলাপের উদ্যোগ নিন, সমঝোতা ও শান্তি নিশ্চিত করুন’ ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে মাহমুদুর রহমান এ কথা বলেন। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে নাগরিক ছাত্র ঐক্য।
মাহমুদুর রহমান বলেন, ‘দুই জোট এখন ১৫ লাখ পরীক্ষার্থীকে জিম্মি করছে। বিএনপি-জামায়াত জোট চাইছে যেকোনো মূল্যে পরীক্ষা বন্ধ করতে। তারা মনে করছে, পরীক্ষা বন্ধ করতে পারলেই সরকারের পরাজয়। আর সরকার চাইছে যেকোনো মূল্যে পরীক্ষা নিতে। ফলে জিম্মি নিরীহ শিক্ষার্থীরা।’ তিনি বলেন, ‘সমস্যা রাজনৈতিক। কাজেই সংলাপের আয়োজন করুন। সহিংসতার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নিন, জনগণ সঙ্গে থাকবে।’
নাগরিক ছাত্র ঐক্য ছাড়াও চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল-সমাবেশ করেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
‘সহিংসতার বিরুদ্ধে’ এই ব্যানারে প্রেসক্লাবের সামনে দীর্ঘ মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা। এতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ আবদুল ওয়াদুদ, আক্তার জাহান, প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব-২ (এপিএস) সাইফুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম প্রমুখ অংশ নেন।
‘জঙ্গিবাদী ঠেকাও, সাম্রাজ্যবাদ ঠেকাও’ ব্যানারে সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ‘খালেদা জিয়া ও জামায়াত-শিবিরের নিকট জাতির পক্ষ থেকে আমাদের প্রশ্ন, আর কত লাশ চান’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ। এ ছাড়া হরতাল অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ মানববন্ধন ও শোভাযাত্রা করে।