‘১৬ কোটি মানুষের জন্য তো ১৬ কোটি পুলিশ দিতে পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর একটি ডাকাতি মামলার ব্যাপারে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘দেশে ১৬ কোটি মানুষ। তাদের জন্য তো আর ১৬ কোটি পুলিশ দিতে পারি না। প্রত্যেকের বাড়িও পাহারা দিতে পারি না।’ গতকাল রোববার রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে ওই সভায় কমিটির সদস্যদের মুখ থেকে মাদকের ভয়াবহতার কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘মাদক থেকে আমাদের সন্তানদের বাঁচানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এককভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাবা-মা তাঁর সন্তানদের নিয়মিত খবর রাখেন, ছেলে কখন বাড়িতে ফিরছে, ঠিকমতো পড়তে বসছে কি না—তাঁদের সন্তানেরা কখনো মাদকাসক্ত হতে পারে না। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের মাদক থেকে ফেরাতে হলে তাঁদের সময় দিতে হবে।রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল হান্নান। এতে রাজশাহী বিভাগের আট জেলার পুলিশ সুপার, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সব সদস্যই মাদকের ভয়াবহতার কথা তুলে ধরেন।রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকনউদ্দিন বলেন, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য কাজের পাশাপাশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সক্রিয় হতে হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাজশাহী পুলিশ লাইনে একটি কল্যাণ সভায় যোগ দেন। এ ছাড়া তিনি র‌্যাব-৫-এর সদর দপ্তর ও কাটাখালীতে নির্মাণাধীন রেন্টাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।