'১৮-এর আগে বিয়ে নয়' ক্যাম্পেইনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবিতা রানী রায়ের বয়স ১৬ বা ১৭ বছর। তার চার বছর বয়সী ছেলে আছে। আরেক সন্তান অসুখে মারা গেছে। মেয়ে ভালো থাকবে—এ চিন্তা থেকে সবিতাকে বিয়ে দেওয়া হলেও, আশা পূরণ হয়নি। কেননা সবিতার স্বামী নেশাসহ বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে সবিতা ছেলেসহ আবার মায়ের কাছে ফেরত এসেছে।

আজ রোববার ‘১৮-এর আগে বিয়ে নয়’ শীর্ষক বাল্যবিবাহ প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সবিতা নিজের জীবনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে তার আকুতি ‘আমার মতো জীবন যেন আর কোনো মেয়ের না হয়।’

দেশব্যাপী এ ক্যাম্পেইনটি পরিচালনা করবে জাতীয় মানবাধিকার কমিশন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আজ আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেশীয় পরিচালক ইয়ান ডি ওয়াল।

নগরের একটি হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু অ্যাডভোকেট হুমাইয়া আক্তার দৃঢ় কণ্ঠে জানাল, সে কোনোভাবেই বাল্যবিবাহের শিকার হবে না। এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে হুমাইয়ার মতো ৪০ হাজার শিশু কাজ করছে বলেও সে জানাল ।

আলোচনায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ। এ বিয়ের মধ্য দিয়ে সেই কিশোরীর প্রতি চরম অন্যায় করা হচ্ছে। মেয়ের প্রতি অবহেলা করার সংস্কৃতি, মেয়ের নিরাপত্তা দিতে না পারা, কন্যাসন্তানকে সম্পদ হিসেবে মনে করতে না পারাসহ বিভিন্ন কারণে অভিভাবকেরা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন।

সুলতানা কামাল বলেন, যে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেওয়ার যোগ্য, তাকে এসএসসি পরীক্ষা দিতে বসিয়ে দিলে যে অবস্থা হবে, বাল্যবিবাহের শিকার মেয়েটিকেও সে অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে।

সুলতানা কামাল রাষ্ট্রের জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছা এবং আইন বাস্তবায়নে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক বলেন, শুধু একজন সবিতা নয়, দেশে অনেক সবিতা আছে যারা বাল্যবিবাহের শিকার। জাতীয় মানবাধিকার কমিশন একা কিছু করতে পারে না। তাই বছরব্যাপী এই ক্যাম্পেইন সফল করতে সরকারি ও বেসরকারি সংগঠনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান রিয়াজুল হক।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় শিশুদের নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ ক্যাম্পেইন পরিচালনায় একটি মোর্চা তৈরি এবং সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটানোর বিষয়টিতে গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একটি শিশু দল নাটকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরে।