'১৮-দলীয় জোটকে গিলে ফেলছে জামায়াত'
টানা ৬০ ঘণ্টার হরতালে সিলেটে ১৮-দলীয় জোটের ব্যানারে জামায়াত-শিবিরের প্রভাব দেখে বিএনপির অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে মিছিল-সমাবেশ করে। এ অবস্থায় ‘১৮-দলীয় জোটকে গিলে ফেলছে জামায়াত’ বলে মন্তব্য করেছেন বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী।
সিলেটে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জিন্দাবাজারে এসে জড়ো হতে থাকেন। সেখান থেকে তাঁরা সকাল আটটার দিকে একটি মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট এলাকায় যান। সেখানে পুলিশি বাধা উপেক্ষা করে তাঁরা মিছিল নিয়ে বন্দরবাজার এলাকা ঘুরে সিটি সেন্টারের সামনে গিয়ে সমাবেশ করেন। মিছিলটি জিন্দাবাজার পুরান লেনের সামনে ১৮-দলীয় জোটের মিছিলের মুখোমুখি হয়, কিন্তু একাত্ম হয়নি।
১৮ দলের মিছিল-সমাবেশে জামায়াত-শিবিরের প্রভাব দেখে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন পৃথক কর্মসূচি পালন করছে বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।
সকালে সিটি সেন্টারের সামনে বিএনপির অঙ্গসংগঠনের সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী প্রমুখ। পরে নেতা-কর্মীরা সেখান থেকে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে গিয়ে আলাদা অবস্থান নিয়ে পিকেটিং করেন।
একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ১৮-দলীয় জোটের মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ করে। মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বিএনপির নেতা ও সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সায়েফ আহমদ প্রমুখ বক্তব্য দেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবদুল আহাদ খান আলাদা কর্মসূচি পালনের বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেন। আলাদা অবস্থানের কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিএনপির অঙ্গসংগঠনের একাধিক নেতা ১৮-দলীয় জোটের ব্যানারে জামায়াত-শিবিরের শক্তিশালী অবস্থান মেনে না নেওয়াটাই নেপথ্য কারণ বলে মন্তব্য করেন। বিএনপির অঙ্গসংগঠনের একাধিক নেতা বলেন, জামায়াত-শিবির এত দিন প্রকাশ্যে আসতে পারছিল না। বিএনপিকে ঢাল বানিয়ে তারা প্রকাশ্য হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, ‘তারা (জামায়াত-শিবির) ব্যানারের সামনে থাকে না। কিন্তু ভেতরে পুরোটাই দখলে রাখে। অবস্থান এমন যে ১৮-দলীয় জোটকে গিলে ফেলছে জামায়াত।’ বিএনপির নেতৃত্বেই ১৮-দলীয় জোট—এখানে কেউ কাউকে এগিয়ে নেওয়া বা পেছনে ফেলার সুযোগ নেই বলে উল্লেখ করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী। তিনি প্রথম আলোকে বলেন, ‘অঙ্গসংগঠনগুলো আলাদাভাবে কর্মসূচি করতেই পারে। তবে কেউই আমাদের মূল দাবির বাইরে নয়। তাই বিষয়টি আলাদাভাবে দেখার অবকাশ নেই।’