‘১৮ দলীয় জোটকে শক্তিশালী করতে তৃণমূলে সঠিক নেতৃত্ব প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, ১৮ দলীয় জোটকে শক্তিশালী করতে হলে তৃণমূলে সঠিক নেতৃত্ব তৈরি করতে হবে। এ জন্য এলডিপির নেতা-কর্মীদের মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত হতে হবে; তবেই সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আয়োজিত দলের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রেদোয়ান আহমেদ এসব কথা বলেন। নগরের পুলিশ কমপ্লেক্স সুপার মার্কেটের একটি রেস্তোরাঁয় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলার বর্ধিত সভা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা এলডিপির আহ্বায়ক জমিরুল আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর এলডিপির আহ্বায়ক মফিজুল ইসলাম, খসরু চৌধুরী প্রমুখ। বর্ধিত সভায় কুমিল্লা দক্ষিণ জেলা এলডিপি, এলডিপির গণতান্ত্রিক মহিলা দল ও গণতান্ত্রিক যুবদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সভায় রেদোয়ান আহমেদ বলেন, দেশের সর্বস্তরে এখন আকণ্ঠ দুর্নীতি চলছে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও গণমানুষকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে হলে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।