'১৮ বছর বয়সের আগে মেয়ের বিবাহ দিব না'
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণকারী সেই সৎবাবা ও মা গত মঙ্গলবার বিকেলে থানায় এসে মুচলেকা দিয়েছেন। এ সময় উপজেলার সেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্য উপস্থিত থেকে মুচলেকায় স্বাক্ষর করেন।
মুচলেকায় বলা হয়, ‘শিশুটির (মেয়ে) বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত আমি ও আমার স্ত্রী আমাদের মেয়ের বিবাহ দিব না বা বিবাহ দেওয়ার কোনো চেষ্টা করিব না। আইন অমান্য করলে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আমরা তা মাথা পেতে গ্রহণ করব।’
বাল্যবিবাহ থেকে বাঁচতে মেয়েটি বেশ কিছুদিন ধরে তার খালা ও নানার বাড়িতে পালিয়ে ছিল। এরপরও সৎবাবা লোক পাঠিয়ে মেয়েটিকে সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নানা নিজের ও নাতনির নিরাপত্তার জন্য এবং সৎবাবার অপতৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ২৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনটি পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) কাছে পাঠিয়ে দেন।
ওসি কে এম শওকত হোসেন ৪ জুলাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলীকে দায়িত্ব দেন। এএসআই হায়দার আলী তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেন। এতে সামাজিক ও আইনগত চাপের মুখে শিশুর মা ও সৎবাবা গত মঙ্গলবার থানায় এসে মুচলেকা দেন।
প্রসংগত, সৎবাবা গত ২৭ জুন ওই মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ ও সেনগাঁও ইউপির চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের নির্দেশে ওই দিন বিয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু বিয়ের আগেই শিশুটি বাড়ি থেকে পালিয়ে খালার বাড়ি যায়।