'১৮ বছরেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি'
১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ হাইস্কুলে ট্রানজিট ক্যাম্পে মাইন বিস্ফোরণে আট শতাধিক মুক্তিযোদ্ধার নিহত হওয়ার ঘটনাস্থলে শহীদ মিনার নির্মাণ করবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা ১৮ বছরেও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রক্ষা না করলে দিনাজপুরবাসীর উদ্যোগে সেই শহীদ মিনার নির্মাণ করা হবে।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘শোকাবহ ৬ জানুয়ারি’ উপলক্ষে আলোচনা সভায় গতকাল শুক্রবার দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা মির্জা আনোয়ারুল ইসলাম ওই ঘোষণা দেন।
মির্জা আনোয়ারুল বলেন, ১৯৯৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের স্মরণে সরকার একটি শহীদ মিনার নির্মাণ করবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো হয়নি।
সভায় সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক। বক্তব্য দেন ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন দিনাজপুর শহর শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম আলী, দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, সিপিবি জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলাম, ৬ জানুয়ারি স্মৃতি পরিষদের সদস্যসচিব সুলতান কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি কাননের শিল্পীরা আবৃত্তি ও ভৈরবীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
এর আগে সকাল নয়টায় নিহত বক্তিদের স্মৃতিসৌধে পুষ্প শ্রদ্ধা নিবেদন ও কবরস্থানে ফাতেহা পাঠ, ঘটনাস্থল মাহারাজা গিরিজানাথ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের নামফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে মহারাজা স্কুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়।