চেকদাতা চেকের পাতার নির্দিষ্ট টাকার ঘরে ‘১,৫৪,০০০’ (এক লাখ ৫৪ হাজার) লিখে তা গ্রহীতাকে দিয়েছিলেন। গ্রহীতা ‘১’-এর বাঁ দিকে ‘২’ বসিয়ে দেন। একইভাবে চেকের ওপর কথায় লেখা ‘এক’-এর ‘ক’ অক্ষরটির নিচে ‘ ু’ (হ্রস্ব উ-কার) এবং পরে ‘শ’ অক্ষর যুক্ত করেন। ‘এক লাখ’ হয়ে যায় ‘একুশ লাখ’।তবে শেষ পর্যন্ত জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। চেক গ্রহীতার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নিতে মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেনের কারণে পাহাড়তলীর চাল ব্যবসায়ী তোফায়েল সওদাগর গত ২৮ ডিসেম্বর জনৈক মোহাম্মদ ইলিয়াছের কাছ থেকে এক লাখ ৫৪ হাজার টাকার একটি চেক নেন। তোফায়েল টাকার অঙ্ক পরিবর্তন করে চেক জমা দেন পাহাড়তলী শাখার ন্যাশনাল ব্যাংকে। নগদায়নের জন্য সিইপিজেড শাখার স্ট্যান্ডার্ড ব্যাংকে চেকটি পাঠানো হলে সেটি দেখে ওই ব্যাংকের ব্যবস্থাপকের সন্দেহ হয়। তিনি ইলিয়াছকে ফোন করলে ইলিয়াছ তাঁকে টাকার প্রকৃত অঙ্ক জানান। এতে চেকটির নগদায়ন আটকে দেওয়া হয়।এ ঘটনায় ইলিয়াছ ৩১ ডিসেম্বর পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করেন এবং গতকাল তোফায়েলের বিরুদ্ধে মামলা করেন।