‘পিরাই ২০ বছর ধরি শুনছি, হ্যানে বিরিজ হবি। শুনেই যাচ্ছি। বিরিজ আর হয় না।’ নৌকায় করে মহিষ নিয়ে খেয়াঘাট পার হওয়ার সময় বলছিলেন বকুল মিয়া। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকার বাসিন্দা তিনি।
গড়াই নদী পার হলেই কুমারখালী উপজেলা শহর। কিন্তু পার হওয়াটাই দায় যদুবয়রাসহ কুমারখালীর পাঁচটি ও খোকসা উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দাদের। কারণ, নদীর ওই স্থানে কোনো সেতু নেই। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কুমারখালী-যদুবয়রা খেয়াঘাটের দক্ষিণ পাড়ে কুমারখালীর বাগুলাট, চাঁদপুর, যদুবয়রা, পান্টি, চাপড়া ও খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৩০টি গ্রামে প্রায় দুই লাখ মানুষের বসবাস। উত্তর পাড়ে কুমারখালী শহরে কাপড়ের জমজমাট ব্যবসা। রয়েছে স্কুল-কলেজ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে গড়াই পেরোতে হয়। এ ক্ষেত্রে ভরসা কেবল নৌকা। পান্টি গ্রামের বাসিন্দা গোলাম শেখ বলেন, বিশেষ করে বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে পড়ে। তখন নৌকায় চড়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খেয়াঘাটে নদীর দুই প্রান্তে দুটি নৌকা। তাতে করে মানুষের পাশাপাশি পারাপার হচ্ছে বিভিন্ন মালামাল, এমনকি গরু-মহিষও। ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, গ্রামের মাঠে আবাদ করা নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য ও শাকসবজি শহরে নিতে কষ্ট হয়। এ স্থানে সেতু হলে পণ্য আনা-নেওয়া সহজ হতো।
যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুরের বাসিন্দা কলেজছাত্র জিয়াউর রহমান বলেন, সেতু না থাকায় সময়ের অপচয় হয়। তাঁর মতো কয়েক শ শিক্ষার্থী যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেন না।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শরিফুল আলম প্রথম আলোকে বলেন, এলাকার মানুষের একটাই চাওয়া—খেয়াঘাটে একটা সেতু নির্মাণ। নির্বাচন এলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতিও দেন। কিন্তু আজ পর্যন্ত সেতু হলো না।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র বলছে, কুমারখালী-যদুবয়রা খেয়াঘাটের স্থানে একটি সেতুর জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকবারপ্রস্তাবনা পাঠিয়েছে। তবে সমস্যা হচ্ছে, খেয়াঘাটের দক্ষিণ প্রান্তের সংযোগ সড়কটি স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি)। ফলে সওজ যতবারই সেতুর জন্য প্রস্তাবনা পাঠিয়েছে, ততবারই আটকে গেছে।
কুষ্টিয়া এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, জটিলতা কাটাতে স্থানীয় সাংসদ উদ্যোগ নেন। এরপর সিদ্ধান্ত হয়েছে, কুমারখালী-যদুবয়রা খেয়াঘাটের স্থানে সেতু নির্মাণ করবে এলজিইডি। এ লক্ষ্যে সম্প্রতি একটি প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায় এলজিইডি। গত সেপ্টেম্বর মাসে প্রস্তাবনাটি একনেকে উত্থাপনের সিদ্ধান্ত হয়।
এলজিইডির কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ছোহরাব আলী প্রথম আলোকে বলেন, প্রস্তাবনায় কুমারখালী-যদুবয়রা খেয়াঘাটে ৭০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কথা বলা হয়েছে। তবে প্রাক্কলন তৈরি, সমীক্ষা যাচাই ও দরপত্রসহ অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হতে এখনো এক বছর লেগে যাবে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ আবদুর রউফ বলেন, ওই স্থানে সেতু হলে গড়াই নদীর দক্ষিণ পাড়ের ছয়টি ইউনিয়নবাসীর দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি কুমারখালী শহরসহ উত্তর পাড়ের মানুষও বড় সুবিধা পাবে। তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরে যাওয়ার সময় অর্ধেকে নেমে আসবে। এসব স্থানে তাদের এখন যথাক্রমে ৩৫ ও ৬০ কিলোমিটার ঘুরে যেতে হয়।