জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মহেন্দ্র অধিকারী। জবানবন্দিতে এই সাক্ষী বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে জব্বারের নির্দেশে রাজাকাররা তাঁকেসহ ২০০ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জবানবন্দি দেওয়া মহেন্দ্র অধিকারীর (৮৪) গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামে। এ নিয়ে ফুলঝুড়ি গ্রামের চারজন তাঁদের জবানবন্দিতে আবদুল জব্বারের বিরুদ্ধে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ করেছেন। তাঁরা প্রত্যেকেই একই ধরনের জবানবন্দি দিয়েছেন।
মহেন্দ্র অধিকারী জবানবন্দিতে বলেন, একাত্তরের ১৭ মে আবদুল জব্বারের নেতৃত্বে ৩০-৪০ জন রাজাকার ও পাকিস্তানি সেনা ফুলঝুড়ি গ্রামে হামলা চালায়। ওই হামলায় প্রায় ৩৬০টি ঘর লুট করে আগুন দেওয়া হয়। আট-দশ দিন পর রাজাকার বাহিনী ও শান্তি কমিটির সদস্যরা তাঁদের গ্রামে গিয়ে বলে, হিন্দুরা যদি প্রাণে বাঁচতে চান, তবে জব্বারের নির্দেশে তাঁদের সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন গ্রামের হিন্দুরা প্রাণের ভয়ে ধর্মান্তরিত হন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনিসহ গ্রামের ২০০ হিন্দু ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর (সাক্ষী) নাম হয় ‘মাহবুব খান’।
জবানবন্দি শেষে মহেন্দ্র অধিকারীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। পরে এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।