'২০০৪ সালের পর এমন জলাবদ্ধতা দেখিনি'
২০০৪ সালের পর আরামবাগ, নটর ডেম কলেজ এলাকায় এমন জলাবদ্ধতা হয়নি। আরামবাগে বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানের বয়োজ্যেষ্ঠ মালিক রশিদ মিয়া প্রথম আলোকে এ কথা বলেন। ২০০১ সাল থেকে তিনি এখানে ব্যবসা করছেন। রশিদ মিয়া বলেন, ১২ জুলাইয়ের বৃষ্টিতে এখানে হাঁটুপানি হয়েছিল। কিন্তু আজ (বুধবার) হয়েছে কোমরপানি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি ধরে আসে। দেড় ঘণ্টা পর বেলা দুইটার দিকে নটর ডেম কলেজের সামনে গিয়ে দেখা যায়, রাস্তায় তখনো কোমরপানি। কলেজের সামনের ফুটপাতে পানির ওপর দাঁড়িয়ে শিক্ষার্থী এবং অন্যরা। খালি কোনো যানবাহন নেই। রাস্তায় নামলেই ময়লা পানিতে মাখামাখি হয়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৩৯৩) বিকল হয়ে থেমে গেল। যাত্রীতে ঠাসা। হেলপার চিৎকার করে যাত্রীদের নেমে যেতে বললেন। নারী-পুরুষ যাত্রীরা অসহায়ভাবে নেমে গেলেন সেই কোমরপানিতে।
ভোর থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে বুধবার মতিঝিল, দিলকুশা তলিয়ে গিয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল সিটি সেন্টারের সামনে প্রায় দুই ফুট পানি জমে যায়। মিরপুর থেকে যাত্রীবাহী বাস ল্যাম্বস থামে যাত্রীদের নামানোর জন্য। কিন্তু পানি দেখে নামেন না কোনো যাত্রী। এ সময়ে দিলকুশা বলাকা চত্বর, বঙ্গভবনের উত্তর ও পশ্চিম দিকের রাস্তা—সবই জলমগ্ন।
বেলা দেড়টার দিকে দেখা যায়, মধুমিতা সিনেমার বিপরীত দিকে ইসমাইল ম্যানশন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স ভবনের সামনে পানি আর পানি। সেখানে সড়ক বিভাজকটি প্রায় ডুবে যাচ্ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বেরোবার জন্য কাঠের সিঁড়ি পাতা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিদর্শন কার্যালয়ের ভেতরে ঢুকে গেছে পানি। বৃষ্টি থামার দেড় ঘণ্টা পরও বেলা প্রায় আড়াইটায় সোনালী ব্যাংক ভবনের সামনে ফুটপাত দেখা যাচ্ছিল না। কোনো হকারও নেই। পানির মধ্যে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। একটি বাসও নেই। নটর ডেম ইউনিভার্সিটিতে জরুরি ক্লাস আছে বলে পরিবাগ থেকে এসেছেন দুই ছাত্রী। এসে জানতে পারেন জলাবদ্ধতার জন্য ক্লাস হবে না। ছাত্রী দুজন জানান, ক্লাস হবে না, তাঁদের কাছে খুদে বার্তা পাঠানো হয়েছিল, দেখতে পাননি। এখন অপেক্ষা করছেন বাসের জন্য। বাস নেই। কোনো রিকশাও যেতে রাজি হচ্ছে না। এমন কষ্ট সহ্য হয় না।
মতিঝিল থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তা ডুবে আছে। তার ওপর যানজট। সবচেয়ে বেশি পানি ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে। বিপরীত দিকে সিটি করপোরেশনের ময়লাবাহী দুটি কন্টেইনার। দেখে মনে হচ্ছিল পানিতে ভাসছে। চারদিকে ছড়িয়ে আছে ময়লা।
জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বললেন, পানি নামার পথ বন্ধ। নদীর পানিও অনেক ওপরে। তাঁরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।