‘২০১১ সালের মধ্যে চালু হবে সব কমিউনিটি ক্লিনিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাওয়া ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকের মধ্যে আট হাজার ৭২২টি এরই মধ্যে চালু করা হয়েছে। ২০১১ সালের মধ্যে দেশের সব কটি কমিউনিটি ক্লিনিক চালু করা হবে। গত রোববার দিনাজপুরে সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক প্রকল্প ও প্ল্যান বাংলাদেশের সমন্বিত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস এ কথা বলেন।ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্ল্যান বাংলাদেশের কর্মকর্তা টি আই এম জাহিদ হোসেন, পরিচালক স্বাস্থ্য (রংপুর বিভাগ) মো. মতিয়ার রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফিরোজ মিঞা, প্ল্যান বাংলাদেশের প্রকল্প পরিচালক এস এম শহীদুল্লাহ, প্রোগ্রাম ইউনিট ম্যানেজার আবদুল মান্নান এবং দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ।মাখদুমা নার্গিস বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১৯৯৮ সালে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ১৩ হাজার ৫০০ ক্লিনিক চালু করা হয়। কিন্তু হঠাৎ করে বিদেশি দাতা সংস্থা থেকে সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় ক্লিনিকগুলোর বেশির ভাগ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার বন্ধ থাকা ক্লিনিকগুলোর মধ্যে আট হাজার ৭২২টি ফের চালু করেছে। ২০১১ সালের মধ্যে বাকি ক্লিনিকগুলো চালু করা হবে।প্ল্যান বাংলাদেশের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার আবদুল মান্নান জানান, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, গাজীপুর ও বরগুনা জেলার ছয়টি উপজেলার মোট এক হাজার কমিউনিটি ক্লিনিক চালু করতে প্ল্যান বাংলাদেশের এক সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ২০১০ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে ক্লিনিকগুলো চালু করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে।