'২০১৮ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছবে'
২০১৮ সালের মধ্যে প্রত্যেকের ঘরে বিদ্যুতের সংযোগ পৌঁছাবে ও গ্রাহকসেবা নিশ্চিত হবে।
গতকাল শনিবার ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এ কথা বলেছেন।
মেজর জেনারেল মঈন উদ্দিন আরও বলেন, ‘গত মাসে দেশের ৫ লাখ ৮ হাজার ৫৪৮ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে।’
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির দাগনভূঞা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সরওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ও রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাসেদুল হক।
সমিতি সূত্র জানায়, এ উপ-আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের ফলে উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের ৩৬টি গ্রামের ১৮ হাজার ৫৫৪ জন গ্রাহক সরাসরি সুফল ভোগ করতে পারবেন। গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত সেবা পেতে উপজেলা সদরে যেতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সুইচ টিপে রাজাপুর ইউনিয়নের ৪২৫ জন গ্রাহকের নতুন বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন।
এ ছাড়া গত শুক্রবার দক্ষিণ চর দরেবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন সোনাগাজীর ৭ গ্রামের ৬৬৮ জন নতুন গ্রাহকের বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন।
২৩৪ জন গ্রাহক পেলেন বিদ্যুতের সংযোগ: টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কুড়াগুজ্জাপাড়া গ্রামের ২৩৪টি ঘরে নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে গতকাল কুড়াগুজ্জাপাড়া মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিক মিয়া ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বলাই মিত্র।