'২০২০ সাল থেকে ২৪ ঘণ্টা নিরাপদ পানি পাবে চট্টগ্রামবাসী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প চালু হওয়ায় দৈনিক ১৪ কোটি লিটার পানি বেশি উৎপাদন করতে পারছে চট্টগ্রাম ওয়াসা। ২০২০ সাল নাগাদ আরও দুটি প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা আছে ওয়াসার। ওই সময়ের মধ্যে নগরের সব পুরোনো পাইপলাইনও বদলে ফেলা হবে। এ দুটো প্রকল্প চালু হলে চট্টগ্রামবাসী দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপদ পানি পাবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের আগে কর্ণফুলী প্রকল্পের শোধনাগার ও পানি শোধন ব্যবস্থা সাংবাদিকদের দেখানো হয়।
সংবাদ সম্মেলনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘পানির জন্য দীর্ঘদিন ধৈর্য ধরেছে চট্টগ্রাম নগরের মানুষ। এ জন্য তাদের প্রতি ওয়াসা কৃতজ্ঞ। নানা বাধাবিপত্তি পেরিয়ে ওয়াসা কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করতে পেরেছে। প্রকল্পটি চালু হওয়ায় নগরের প্রায় ৭০ শতাংশ পানির সংকট মিটেছে। তবে সরবরাহ ও বিতরণ লাইনগুলো অনেক দিনের পুরোনো হওয়ায় লিকেজ-সংকট দেখা দিয়েছে। ওয়াসা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছে।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘প্রতিদিন কয়েকটি ধাপে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে নতুন প্রকল্পের পানি সরবরাহ করা হচ্ছে। তবে পাইপলাইন পুরোনো ও কিছু কিছু জায়গায় লিকেজ থাকায় হয়তো অনেক গ্রাহক শতভাগ জীবাণুমুক্ত পানি পাচ্ছেন না। তবে দ্বিতীয় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় শহরের সব পাইপলাইন বদলে ফেলার পর চট্টগ্রামবাসী সম্পূর্ণ নিরাপদ পানি পাবে। ২০২২ সাল নাগাদ দ্বিতীয় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা আছে। কিন্তু ২০২০ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম নগরে পানি সরবরাহের জন্য বর্তমানে আরও দুটি প্রকল্পের কাজ চলছে। এর একটির নাম চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্প। অন্যটি হচ্ছে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ-২। এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ওয়াসার ভান্ডারে আরও ২৩ কোটি লিটার পানি যোগ হবে। এতে অন্তত ২০৪০ সাল পর্যন্ত নগরে পানির কোনো সংকট থাকবে না। প্রকল্পগুলো চালু হলে বাজারে বোতলজাত পানি বিক্রির পরিকল্পনা রয়েছে ওয়াসার। কম দামে ওয়াসার বোতলজাত পানি বাজারে ছাড়া হবে। এতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও প্রতিযোগিতায় টিকে থাকতে দাম কমাতে বাধ্য হবে। এ ছাড়া পানির অপচয় কমানোর জন্য নগরে এলাকাভিত্তিক মিটার সিস্টেম বসানোরও পরিকল্পনা আছে ওয়াসার।
নগরের বাইরে দক্ষিণ চট্টগ্রামে পানি সরবরাহের জন্য ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প নামে আরেকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. গোলাম হোসেন, প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহুরুল হক, পরামর্শক প্রতিষ্ঠান এনজেএস কনসালট্যান্ট লিমিটেডের প্রেসিডেন্ট হিরোকি ফুজিয়ারা, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন ও বেইজিং সাউন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিএনটিআইসি-বিএসইইসি) প্রজেক্ট ম্যানেজার চ্যাং হোংয়ে।