'২০২১ সালে আইসিটি শহর হবে কক্সবাজার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের মধ্যে কক্সবাজারকে ‘আইসিটি’ শহর করা হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। গতকাল বুধবার কক্সবাজার সৈকতের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিবিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প ওই ক্যাম্পের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জুনাইদ আহ্মেদ।
অনুষ্ঠানে জুনাইদ আহ্মেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে সমুদ্রসৈকতকে কেন্দ্র করে পর্যটন নগরী গড়ে উঠেছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ওই সব পর্যটন নগরী উন্নতি করছে। তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে বিশ্বের দীর্ঘতম সৈকতের শহর কক্সবাজার পিছিয়ে আছে। তাই কক্সবাজারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে রামুতে স্থাপিত হচ্ছে হাইটেক বা আইসিটি পার্ক। ইতিমধ্যে সেখানে নয় একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে আইসিটির শহর হবে কক্সবাজার।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, এলআইসিটি প্রকল্পের পরিচালক রেজাউল করিম প্রমুখ।
ক্যারিয়ার ক্যাম্পে কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।