'২১ বছর পাকিস্তানি ধারায় পরিচালিত হয় বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু এনেছেন স্বাধীনতা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘অকুতোভয় মানুষের একতার জয়, মুক্তিযুদ্ধের বিজয়’ স্লোগানে ‘আমরা কজন মুজিব সেনার’ ব্যানারে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

মেয়র নাছির উদ্দীন বলেন, ঘাতকেরা ইতিহাসের চাকা পেছনের দিকে নিতে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ২১ বছর ধরে পাকিস্তানি ধারায় পরিচালিত হয়েছিল বাংলাদেশ। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল।

সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলায়মান, ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ প্রমুখ। পরে জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে নগরের কোতোয়ালি মোড়, নিউমার্কেট ও সিনেমা প্যালেস হয়ে লালদীঘির মাঠের কাছে এসে শেষ হয়।