'৩৩ ক্রেডিট' পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল রোববার ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। এটা তাঁদের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি।

গত শনিবার একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তাঁরা। তবে শিক্ষার্থীদের এ দাবিকে ‘অযৌক্তিক’ বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে গতকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অবস্থান নেন। প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর উল্লেখ করে দাবি আদায়ে তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে দুই সেমিস্টারে বাধ্যতামূলক ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হয়। সেটা না পারলে ওই শিক্ষার্থীকে পুনরায় সেই বর্ষেই থাকতে হবে। এর আগে ‘ব্যাকলগ’ বা ‘শর্ট সেমিস্টার’ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে পাস করা যেত। তবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম পরিবর্তন করা হয়।

উপাচার্য রফিকুল আলম বেগ বলেন, ‘আমরা তাঁদের ক্লাসে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছি।’