'৩৩ ক্রেডিট' পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষাবর্ষে দুই সেমিস্টার মিলিয়ে ৪০ ক্রেডিট থাকে। এর মধ্যে ৩৩ ক্রেডিট না পেলে একজন শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ‘৩৩ ক্রেডিট’ নিয়ম চালু নেই। ২০১৩ সালের আগে এই বিশ্ববিদ্যালয়েও এমন নিয়ম ছিল না। ‘ব্যাকলগ’ বা ‘শর্ট সেমিস্টার’ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে পাস করা যেত। কিন্তু বর্তমানে মানোন্নয়নের কোনো সুযোগ রাখা হয়নি। শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর এই নিয়ম বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। আজ রোববারও তাঁরা একই কর্মসূচি পালন করবেন।
২২ জানুয়ারি শিক্ষার্থীরা এই ক্রেডিট নিয়ম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোÑপরবর্তী সিদ্ধান্তে আসা পর্যন্ত ইতিমধ্যে নোটিশকৃত সব ব্যাকলগ পরীক্ষা স্থগিত করতে হবে, ৩৩ ক্রেডিট সিস্টেম বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।
এর আগে ২০১৫ সালের ১১ আগস্ট ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে আন্দোলন করেছিলেন।
এ বিষয়ে উপাচার্য রফিকুল আলম বেগ বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য ২০১৩ সাল থেকে এই পদ্ধতি চালু করা হয়েছে। কেউ দুই সেমিস্টারে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে ব্যর্থ হলে ব্যাকলগ পরীক্ষার মাধ্যমে এই ক্রেডিট অর্জন করতে পারেন। সেখানেও তিনি ন্যূনতম ক্রেডিট পূরণ করতে ব্যর্থ হলে তাঁকে আগের বর্ষেই থাকতে হবে। তিনি প্রশ্ন রাখেন, ‘ফেল করে কি কখনো ওপরের ক্লাসে ওঠা যায়? আমরা তাও তো দু-একটি বিষয়ে ফেল করলে যেন পরের বর্ষে উঠতে পারে সে ব্যবস্থা রেখেছি। ওরা তো সব বিষয়ে ফেল করেও পরবর্তী বর্ষে ওঠার দাবি করছে।’