'৩৫ বছরেও এমন তাণ্ডব দেখিনি'

‘বাবা, ৩৫ বছর ধরে এখানে ব্যবসা করছি। এই সময়ে অনেক আন্দোলন হয়েছে। অনেক মারামারি দেখেছি। পুলিশের পিটুনি খেয়েছি। কিন্তু কেউ ফুটপাতের দোকানে হামলা করতে পারে বা জ্বালিয়ে দিতে পারে, এটা কখনো ভাবিনি। গত রোববার হেফাজতে ইসলামের মতো এমন তাণ্ডব ৩৫ বছরে দেখিনি।’ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পশ্চিম পাশের ফুটপাতের হার্ডওয়্যারের দোকানি ৫৫ বছর বয়সী মো. ইউনুস কান্নাজড়িত কণ্ঠে এমনই অভিব্যক্তি ব্যক্ত করেন। আজ মঙ্গলবার সকালে কথা হয় তাঁর সঙ্গে।শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি। স্ক্রাচে ভর দিয়ে হাঁটেন। পুড়ে যাওয়া নিজের দোকানের খালি জায়গায় একটি বেঞ্চের ওপর নিরুপায় হয়ে বসেছিলেন তিনি।
ইউনুস জানান, তাঁর দোকানে আড়াই থেকে তিন লাখ টাকার মালামাল ছিল। এই দোকানের আয় দিয়েই ছয়জনের সংসার চলত। রোববার হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি সবকিছু হারিয়ে নিঃস্ব।
শুধু ইউনুসই নন, তাঁর মতো অবস্থা বায়তুল মোকাররমের পশ্চিম, উত্তর ও দক্ষিণ পাশের ফুটপাতের প্রায় সব ব্যবসায়ীর।
ইউনুসের পাশের দোকানটি মো. সাইদের। তাঁর এক মেয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যলয়ে পড়েন। ছেলে পড়ে মতিঝিল আইডিয়াল স্কুলে। এই দোকানের আয়েই চলত তাঁর চারজনের সংসার। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘কী বলব, কিছুই বলার নাই। সবকিছুই শেষ হয়ে গেছে। আল্লাহর ওপর সবকিছু ছেড়ে দিয়েছি।’
সেখানে কথা হয় মো. আইয়ুবের সঙ্গে। তিনি জানান, ঋণ করে তিনি দোকানটি চালাচ্ছিলেন। ঘটনার দিন দোকানে প্রায় তিন লাখ টাকার কসমেটিকস সামগ্রী ছিল। পুড়ে সব শেষ হয়ে নিঃস্ব অবস্থা তাঁর। কেবল লোহার টুলটি অবশিষ্ট রয়েছে। তিনি জানান, তাঁর এক ছেলে বিএ অনার্স পড়ছেন। আরও দুই ছেলেমেয়ে পড়াশোনা করছে। এই দোকান দিয়ে তাঁর সংসার চলে। সব হারিয়ে কীভাবে এখন সংসার চালাবেন, তাই নিয়ে চিন্তিত তিনি।
জাতীয় মসজিদের পশ্চিম পাশে আহমেদ হোসেন আর্মস কোম্পানির সামনের ছাতা ও ডায়েরির দোকানটি দ্বীন ইসলামের। তিনিও প্রায় আড়াই লাখ টাকার মালামাল হারিয়েছেন।
একই অবস্থার কথা জানান হার্ডওয়্যার দোকানি নিবাস কুমার সাহা, পুরানা পল্টন ওভার ব্রিজের নিচের ফলের দোকানি দেলোয়ার হোসেন, আমিন জুয়েলার্সের সামনের মানি ব্যাগ, চাবির ব্যাগ, লেডিস পার্সের দোকানি আবু তাহের, উত্তর গেটের ফুটপাতের দোকানি মো. জয়নাল, মো. মনজুর, টুপি ও মেসওয়াকের দোকানি গোলাপ ও রমজান, পাঞ্জাবির দোকানি হারুন সিকদার, আনিস ও গেঞ্জির দোকানি যতি চন্দ্র বর্মণ।
হারুন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা গরিব মানুষ। ফুটপাতে সামান্য ব্যবসা করে সংসার চলে। ২৬ বছর ধরে এখানে ব্যবসা করছি। এর আগে বহু আন্দোলন দেখেছি। এমন ঘটনা আগে কখনো দেখিনি।’ তিনি আরও বলেন, ‘ইসলামের নামে এ ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা শান্তি চাই। শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে চাই।’
গেঞ্জির দোকানি যতি চন্দ্র বর্মণ বলেন, ‘শুধু দূর থেকে নিজের ও আশপাশের দোকান জ্বলতে দেখেছি। কিন্তু কিছুই করতে পারিনি।’ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানান।