'৪০ পাঠাইয়া দেন, আর কোনো কথা কইবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মামলার আসামিদের অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছেন ঢাকার ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। মামলার এক আসামির সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এই ঘুষ দাবি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডির নাজমুল আলম ২০১২ সালে তাঁর স্ত্রী সুলতানা রাজিয়ার নামে ধামরাইয়ের বাউখন্ড মৌজা থেকে প্রায় এক কোটি টাকায় ৭২ শতাংশ জমি কেনেন। ধামরাইয়ের নান্দেশ্বরী গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী রওশনারা ও তাঁর ছেলে রফিকুল ইসলাম এবং ওই এলাকার হাজি সোহরাব হোসেন জমিটি বিক্রি করেন। পরে জানা যায়, বিক্রেতারা জমির প্রকৃত মালিক নন, জাল দলিলের মাধ্যমে মালিক সেজে অর্থ হাতিয়ে নিয়েছেন। ওই ঘটনায় ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ক্রেতার দায়ের করা মামলাটি গত ২৪ মার্চ ধামরাই থানায় রেকর্ড করা হয়। বিক্রেতা তিনজনসহ কাউসার আহমেদ নামের এক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পান এসআই সোহরাব হোসেন।
গত বৃহস্পতিবার বিকেলে এসআই সোহরাব আসামিদের গ্রেপ্তারে অভিযান চালান। বাড়িতে না থাকায় তিনি কাউকে গ্রেপ্তার করতে পারেননি। গত শুক্রবার কাউসারের মুঠোফোনে ফোন দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে সোহরাব আসামিপ্রতি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দর-কষাকষির একপর্যায়ে ৪০ হাজার টাকায় রফা হয়। কাউসার কথোপকথনটি মুঠোফোনে রেকর্ড করেন। সেটি হুবহু তুলে ধরা হলো:
কাউসার: হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
এসআই: কে বক্কার ভাই নি?
কাউসার: না স্যার, আমি কাউসার।
এসআই: ও কাউসার ভাই, আরে একটু তাড়াতাড়ি করেন ভাই।
কাউসার: স্যার, আমার দিকে একটু তাকান। একটু কমাইয়া টমাইয়া বলেন, আমি পাঠাইয়া দেই।
এসআই: আরে আগে পাঠান, তার পরে অইবোনে।
কাউসার: স্যার, আমার পক্ষে ৪৫ হাজার টাকা দেওয়া সম্ভব না।
এসআই: আরে, পাঠাইয়া দেন না।
কাউসার: পাঠাইয়া তো দিমু, কত দিমু আরেকবার উল্লেখ কইরা কইলে আমি পাঠাইয়া দিতে পারতাম।
এসআই: আপনি কইছেন ওইডা (৩০ হাজার), আমি কইলাম পাঁচ কম দিয়েন। এর পরেও কি আর কোনো রিকুয়েস্ট থাকতে পারে?
কাউসার: ওইডা (৪৫ হাজার) বাদ দিয়া একটা কিছু বলেন। আমি আপনার মুখ দিয়া শুনুম, যা বলবেন তা যেন দিতে পারি।
এসআই: আচ্ছা যাক ৪০ পাঠাইয়া দেন। আর কোনো কথা কইবেন না। আপনার আর কোর্টে যাওয়া লাগত না।
কাউসার: স্যার, ৪০ আমার জন্য জুলুম অইয়া যায়।
এসআই: না, আমার এক বিষয় নিয়া এত দর-কষাকষি ভালো লাগে না।
কাউসার: হাজি সাহেব (মামলার আসামি সোহরাব হোসেন) দেশে নাই। থাকলে নয় একটা কথা ছিল স্যার। আমার দ্বারা তো এত টাকা জোগাড় করা সম্ভব না। আমি খুব বিপদে আছি।
এসআই: আপনার বিষয়টা আমি দেখব, হাজি সাহেবের বিষয়টা তো আপনার দেখার দরকার না।
কাউসার: সব তো স্যার এক সাথেই, নাকি আবার আলাদা আলাদা?
এসআই: কথা তো আপনে কইতাছেন নাকি!
কাউসার: জি স্যার, আমি কথা বললেও আমরা তো সব এক সাথেই।
এসআই: আচ্ছা পাঠাইয়া দেন, পাঠাইয়া দেন।
কাউসার: এক সাথেই তো, স্যার?
এসআই: আরে আপনের ডা আপনেই করবেন, অন্যের ডা নিয়া আপনে মাথা ঘামান ক্যান?
কাউসার: না স্যার, চারজনের ডা আপনে একবারে শেষ করে দিবেন।
এসআই: চারজনের ডা করব ক্যান?
কাউসার: আমাদের চারজনের মামলা তো এক সাথেই।
এসআই: মামলা তো আর ফাইনাল দেওয়া যাইব না।
কাউসার: তা ঠিক আছে, কিন্তু হ্যারা তো গরিব মানুষ।
এসআই: কে গরিব আর কে ধনী আমি সব জানি, আমারে এইসব কথা কইয়েন না।
কাউসার: ঠিক আছে স্যার, আপনে ৪০ চাইছেন ৪০ই পাঠাইয়া দিমু। একবারে সব শেষ কইরা দিবেন।
এসআই: আচ্ছা পাঠাইয়া দেন।
এ ব্যাপারে সোহরাবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে কথা বলার সুযোগ না দিয়ে বলেন, ‘দ্রুত টাকা নিয়ে থানায় এসে আমার সঙ্গে দেখা করেন।’ পরে সাংবাদিক পরিচয় শোনার পর তিনি বলেন, ‘আসামিপক্ষের লোকজন সুবিধা পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন। তখন হয়তো বা সরল বিশ্বাসে উভয়ের মধ্যে টাকাপয়সা নিয়েও কথা হয়ে থাকতে পারে।’
ধামরাই ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।