বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় নতুন ৪ হাজার বাস নামানোর বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকেরা সায় দিয়েছেন। খবরটি ছিল গতকাল মঙ্গলবার প্রথম আলো অনলাইনের সবচেয়ে আলোচিত খবর। নাগরিকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এমন চিন্তা ও উদ্যোগের জন্য সরকার ও ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে ধন্যবাদ জানিয়েছেন। তবে চার-পাঁচটির জায়গায় একটি বাস কোম্পানি করার সুপারিশ করেছেন নাগরিকেরা। ঢাকার যানজটের দুর্বিষহ অবস্থা বিবেচনায় যত তাড়াতাড়ি সম্ভব এটা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তাঁরা। পাশাপাশি ‘যুগান্তকারী’ এই উদ্যোগের সঙ্গে বাসমালিকেরা শেষ পর্যন্ত থাকবেন কি না, তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। এ অবস্থায় কয়েকটি রুটে দ্রুত রেলযোগাযোগের সুযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।
নাগরিকদের নির্বাচিত কিছু ভাবনা তুলে ধরা হলো
৪ হাজার বাস নামানোর আগে রাস্তাঘাট সুন্দর করে মেরামত করতে হবে, টেন্ডারবাজি বন্ধ করে প্রয়োজনে সেনাবাহিনীর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের কাজে লাগাতে হবে। আর অবশ্যই ফুটপাত দখলমুক্ত ও পার্কিংমুক্ত করতে হবে। তা না হলে যত ভালো বাসই নামান না কেন, লক্কড়ঝক্কড় হবেই—হাসান
ঢাকা শহরে একতলা বাস, মিনিবাস নিষিদ্ধ করতে হবে। কেবল দ্বিতল বাস চালানো হোক। শহরের সব প্রবেশপথে বাস টার্মিনাল তৈরি করা হোক। যেমন জয়দেবপুর, মানিকগঞ্জ, মেঘনা ব্রিজ, জিঞ্জিরা ইত্যাদি। আন্তশহর বাসগুলো এসব টার্মিনাল থেকে চলাচল কবে। এই টার্মিনালগুলো থেকে ঢাকায় দ্বিতল বাস চলবে। অফিস-কারখানা-শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচলের সময়গুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। ঢাকা শহরের বড় ওভারপাসগুলোতে এসকেলেটর বসাতে হবে। ট্রাফিক পুলিশ শুধু তদারক করবে। ট্রাফিক নিয়ন্ত্রণে যন্ত্রের ব্যবহার করতে হবে—নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা শহরের রাস্তায় বাসের তো অভাব নেই। বাসে ভরা, কিন্তু চলতে পারছে না। আগে বাস চলাচলসহ অন্যান্য যানবাহন চলাচল একটু শৃঙ্খলার মধ্যে আনুন। পরে ৪-৫ হাজার বাস নামানো যাবে—এম এ জব্বার
ভালো মানের বাস কিনবেন। দয়া করে ভারতের নিম্নমানের বাস যেন না কেনা হয়—এ এস এম আল-কামাল
কেবল বাসের সংখ্যা বাড়িয়ে যানজট সমস্যার সমাধান করা যাবে না। বাসের জন্য আলাদা লেন তৈরি করতে হবে এবং দেখতে হবে যাতে বাসগুলো একে অপরকে পাস কাটিয়ে যেতে না পারে—নাম প্রকাশে অনিচ্ছুক
দয়া করে চায়না বাস আনবেন না—মো. আনোয়ার হোসেন
চায়না বাসের চেয়ে ভারতের অশোক লে ল্যান্ড বাস অনেক ভালো। পূর্বে আমরা ভলভো দেখেছি, অনেক দামি বাস, তা রক্ষা করতে পারি নাই। জনগণের টাকা নষ্ট হয়েছে—মো. শফিকুর রহমান
শুধু বাস নামালেই হবে? দরকার নতুন নতুন রাস্তা, পরিকল্পিত আরও ফ্লাইওভার, প্রতিটি জায়গায় বহুতল পার্কিং, মেট্রোরেল, সকল বাণিজ্যিক স্থাপনা আবাসিক এলাকা থেকে সরানো, আন্তজেলা বাসস্টেশন ঢাকা থেকে সরানো, আন্তজেলা বাস-ট্রাকগুলোর ঢাকা বাইপাসের ব্যবস্থা করা —এস কে এন তারিক
শুধু বাস দিয়ে গণপরিবহনব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। রেল খাতের উন্নয়ন চাই—শাকিব খান
ডাবল ডেকার ৫০০ বাস নামান। জ্যাম ৭০ শতাংশ কমে যাবে। সঙ্গে ২০০ এসি বাস নামান। প্রাইভেট কার কেউ বের করবেন না —মশিউর
৪ হাজার বাস, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে—এসব দামি স্বপ্ন না দেখিয়ে স্বল্পমেয়াদি ও দ্রুত কিছু পদক্ষেপ নিন, তাহলে যানজট সহনীয় হয়। মুম্বাই রেলওয়ের মতো ট্রেন সার্ভিস চালু করুন, জয়দেবপুর থেকে কমলাপুর বা নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০ মিনিট পর পর কমিউটার ট্রেন বা ডেমু ট্রেন চালু করুন, তাহলে সকালবেলা মতিঝিলগামী, উত্তরাগামী অফিসযাত্রীরা অনায়াসে যাতায়াত করতে পারবেন। এতে করে মানুষের ভোগান্তি কমবে—মেহেদি হাসান
উত্তম প্রস্তাব। ট্রেনই আমাদের পরিবহন সমস্যার একমাত্র সমাধান—আমিরুল আলম খান
বাস ভাড়া পরিশোধে সিঙ্গাপুরের ই-জেড (E-Z link payment) পদ্ধতি অনুসরণ করতে পারি। এতে বাসের স্টাফদের সঙ্গে দর-কষাকষি এড়াতে পারি—নাম প্রকাশে অনিচ্ছুক
আগে বিমানবন্দর থেকে কমলাপুরে আসা-যাওয়ার জন্য একাধিক ট্রেনের ব্যবস্থা করেন—নুরুল আলম টিপু
যদি প্রচুর গাড়ি আমদানি করা হয় এবং পাঁচ মিনিট পর পর প্রতিটি স্টেশনে গাড়ি আসে। অনবরত সারা দিন চক্রাকারে চলে। তা হবে দ্রুত যোগাযোগ ও অন্য রাস্তায় গাড়ির চাহিদা হ্রাসের পন্থা। তাতে প্রাইভেট কারের ব্যবহারও হ্রাস পেতে পারে—আবদুল মাজিদ কাজী
সিটিং সার্ভিস বন্ধেও মালিকেরা সম্মতি দিয়েছিলেন, কিন্তু চার দিনের মাথায় সরকার রণে ভঙ্গ দিয়েছিল মালিকদের অসহযোগিতার (রাস্তা গাড়ি বের না করে) কারণে। সুতরাং মালিকেরা মিটিংয়ে যা-ই বলুন না কেন, সরকারের যত ভালো সিদ্ধান্তই হোক না কেন, তাঁদের স্বার্থ থেকে এক চুল নড়বেন না। তাই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে মনে হয় না—বখতিয়ার
গাড়ি যেন সব রাস্তার বাঁ পাশ দিয়ে চলে। নির্দিষ্ট গতির বেশি গতিতে কোনো গাড়ি চলতে পারবে না। গাড়ি যেন নির্দিষ্ট স্থানে থামে। স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো যেন শতভাগ বন্ধ হয়। প্রতিটি গাড়িতে যেন ওঠা ও নামার জন্য পৃথক পথ থাকে। নিরাপদে যাত্রী ওঠায়, নামায়। —আমিরুল আলম খান
সম্ভব হলে প্রাইভেট কার জোড়-বিজোড় পদ্ধতিতে অর্ধেকে নামিয়ে আনতে হবে। জনগণকে হাঁটা ও সাইকেলে উদ্বুদ্ধ করতে হবে
—নাম প্রকাশে অনিচ্ছুক
আমি ভাড়া নিয়ে চিন্তিত। এটা কি গুলশান এলাকার ‘ঢাকা চাকা’র মতো ‘জনবিরোধী’ ও ‘গরিববিরোধী’ হতে যাচ্ছে? যদি তা-ই হয়, তাহলে দয়া করে এটা বাদ দেন। যানজটের সমাধানে গণপরিবহনের সংখ্যা বাড়ানো, নারায়ণগঞ্জ ও জয়দেবপুরের মধ্যে রেলযোগাযোগ ট্রিপের সংখ্যা বাড়াতে হবে। দীর্ঘমেয়াদি সামাধান হিসেবে ক্ষমতার বিকেন্দ্রকরণ করতে হবে। তা না হলে কোনো সমাধান টিকবে না—মো. কামরুল ইসলাম
উদ্যোগটি ভালো অবশ্যই। অনুরোধ থাকছে, বিদ্যমান রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে হবে, মানসম্পন্ন করতে হবে। এই কাজে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে। তা না হলে জনগণের অর্থ লুটপাট হবে, কাজের মান বলতে কিছু থাকবে না এবং দলীয় পরিচয়ে কাজ পাবে। এগুলো বন্ধ করতে হবে। সিএনজিচালিত অটোরিকশা ও ক্যাব আরও বাড়াতে হবে এবং এগুলোকে মিটারে চলতে বাধ্য করতে হবে। ‘যাব না’ বললেই জরিমানা করতে হবে। বাসের চালক, হেল্পার সবাই যেন প্রশিক্ষিত হন এবং যাত্রীদের সাথে কোনো অবস্থায় খারাপ আচরণ না করেন—আবদুস শহিদ মাহমুদ