‘একাত্তরে ভাইকে যুদ্ধে পাঠিয়ে নয় মাস অপেক্ষার প্রহর কাটিয়েছি। আজ ৪২ বছরের অপেক্ষার দীর্ঘ প্রহরের যেন অবসান ঘটেছে।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর এ অনুভূতি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজিনা বেগম।
কেবল রোজিনা বেগমই নন, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে ১২ ডিসেম্বর দিনটি ছিল অনেক উদ্বেগ, উৎকণ্ঠা ও উত্তেজনার। দিনের শুরু থেকেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রহর গুনছিলেন তাঁরা। নিউইয়র্ক স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকাল থেকেই খবর আসতে থাকে ফাঁসি কার্যকর করার প্রস্তুতি চলছে। কাজকর্ম ফেলে রেখে টিভির পর্দায় সার্বক্ষণিক চোখ রাখেন প্রবাসীরা।
দণ্ডাদেশ কার্যকর হওয়ার সংবাদ পেয়েই নিউইয়র্কপ্রবাসীরা ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। ডিসেম্বরের কনকনে শীত উপেক্ষা করে প্রবাসীদের কেউ কেউ সড়কে নেমে আসেন।
প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হায়দার আকবর কিরণ নিউইয়র্কসহ-সংলগ্ন এলাকার প্রবাসীদের জ্যাকসন হাইটসে সমবেত হয়ে আনন্দ প্রকাশের আহ্বান জানান। সন্ধ্যায় নিউইয়র্ক জাগরণ মঞ্চ জ্যাকসন হাইটসে সমবেত হয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে। প্রবাসী সাংবাদিক মাহফুজুর রহমান বলেন, ‘যৌবনের দীর্ঘ পথ যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আন্দোলন করেছি। আজ তা বাস্তবায়ন হলো । দূর দেশে থেকেও মনে হচ্ছে যেন শাহবাগেই আছি।’ কানাডাপ্রবাসী কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রশ্ন করেন, ‘সৌদি আরবে বাংলাদেশিদের যখন ফাঁসি হলো, তখন কোথায় ছিল অ্যামনেস্টি আর জাতিসংঘ মানবাধিকার কর্তৃপক্ষ?’
আটলান্টা থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষার্থী জেড এ জয় বলেন, কাদের মোল্লাকে দিয়ে ঘাতকদের দণ্ডাদেশ কার্যকর শুরু হলো।
মিশিগান থেকে হরিনারায়ণ দত্ত বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির আরেকবার ঐক্যবদ্ধ হওয়ার সময় আজ। কানেটিকাটে বসবাসরত মইনুল হক বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের দায়মুক্তির কাজটি করতে পেরেছি।’