‘৬৫০ কোটি টাকার ড্রেজার কেনায় অনিয়ম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার প্রথম আলোতে ‘৬৫০ কোটি টাকার ড্রেজার কেনায় অনিয়ম’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে ভোসতা এলএমজি-কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদের সই করা প্রতিবাদের চিঠিটিতে দাবি করা হয়, প্রকাশিত প্রতিবেদনে ‘সম্পূর্ণভাবে অসত্য ও প্রকৃত তথ্যের বিপরীতে’ তথ্য ছাপা হয়েছে। এ ধরনের প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। প্রতিবাদপত্রে বলা হয়, ৬৫০ কোটি টাকার খননযন্ত্র (ড্রেজার) সরবরাহের কাজের দরপত্রে অংশগ্রহণের জন্য দরপত্র প্রতিষ্ঠানের কী কী যোগ্যতা প্রয়োজন এবং দরপত্রের শর্তে বাংলাদেশের প্রতিষ্ঠানের যেহেতু খননযন্ত্র তৈরির অভিজ্ঞতা নেই, বিদেশি প্রতিষ্ঠানটিকে খননযন্ত্র উৎপাদনকারী হতে হবে—এ জন্য ওই প্রতিষ্ঠানের নিজ দেশের চেম্বারের সনদ লাগবে, এমন কিছু উল্লেখ ছিল না। প্রতিবেদকের ব্যাখ্যা: প্রতিবাদের সঙ্গে পাঠানো দরপত্রের শর্তাবলীতেই উল্লেখ আছে, অংশগ্রহণকারীকে সুনাম অর্জনকারী খননযন্ত্র নির্মাতা হতে হবে। যৌথ বিনিয়োগকারীর ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠানের শিপইয়ার্ড থাকতে হবে এবং নেতৃত্বদানকারী বিদেশি প্রতিষ্ঠানকে খননযন্ত্র নির্মাণকারী হতে হবে। ভোসতা এই শর্ত মেনেই দরপত্রের সঙ্গে আমস্টারডাম চেম্বার অব কমার্স ও হল্যান্ড জাহাজ নির্মাতা সংস্থার প্রত্যয়নের সনদ জমা দেয়। পরে ঢাকার নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গত ১৭ জুন পানিসম্পদমন্ত্রীকে চিঠি দিয়ে জানান, ভোসতার দেওয়া এই সনদ জাল। আমস্টারডাম চেম্বার থেকে ভোসতার পক্ষে কোনো সনদ দেয়নি। প্রথম আলোর প্রতিবেদনে মূলত এসব কথাই তুলে ধরা হয়েছে। কিন্তু প্রতিবাদপত্রে জাল সনদের বিষয়ে কিছুই বলা হয়নি।