'৭ নভেম্বর থেকে খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগামী ৭ নভেম্বর থেকে খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে।’ গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে ১৮ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেছেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এই সরকারকে জনগণ এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়েছে। আজ থেকে এই সরকারের শাসন মেনে নেবে না জনগণ। শেখ হাসিনার কথাও শুনবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। সেই নির্বাচন জনগণ হতে দেবে না।’
সমাবেশের সভাপতি ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘লোকে বলে শেখ হাসিনার পতন ঘটবে। আমি বলছি, পতন ঘটে গেছে। ৭ নভেম্বর এই সরকারকে কোল্ড স্টোরেজে পাঠানো হবে। সেদিন থেকে আমরা থাকব রাজপথে।’ আমীর খসরু আরও বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব দিবসে বর্তমান সরকারের কবর রচনা করে দেশকে তাঁবেদার ও দুর্নীতিমুক্ত করব। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এ জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, নগর জামায়াতের আমির শামসুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার, সৈয়দ ওয়াহিদুল আলম। সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
গতকালের সমাবেশ ঘিরে নগরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
জামায়াত-শিবিরের শক্তি প্রদর্শন: গতকাল জুমার নামাজের পর থেকেই কাজীর দেউড়ি মোড়ের তিন দিকে অবস্থান নেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।