'৭ ফেব্রুয়ারি রাজপথ দখলে নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ছবি: ফাইল ছবি
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ছবি: ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ৭ ফেব্রুয়ারি থেকে রাজপথ দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত আবার আগুন-সন্ত্রাস করতে পারে। প্রত্যেক নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। আগুন-সন্ত্রাসীদের রাস্তায় নামতে দেওয়া হবে না। ৭ ফেব্রুয়ারি থেকে রাজপথ দখলে নিতে হবে।

রোববার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মোশাররফ হোসেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি। এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছেন। আসলে কী চান, তিনি তা জানেন না। খালেদা জিয়া পাগল ও ছাগল ছাড়া নির্দলীয় বলতে কিছু নেই বলেছিলেন। কিন্তু আমাদের বক্তব্য, সারা বিশ্বের বিভিন্ন দেশে সংসদীয় গণতন্ত্র যেভাবে পরিচালিত এবং নির্বাচনের আয়োজন হয়, সেই একই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’
দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা বাপের বেটি। তিনি ওয়ার্ল্ড ব্যাংকের দিকে না তাকিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছেন। ইতিমধ্যে সেতুর দুটি স্প্যান বসানো হয়েছে। এতে দেশের প্রবৃদ্ধি আরও বাড়বে। অথচ খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুতে উঠলে নাকি ভেঙে পড়বে। আসলে সেতুর স্প্যান কী তা তিনি জানেন না। তাহলে তিনি কীভাবে দেশের প্রধানমন্ত্রী হবেন?’

জামায়াত ১০ বার শাড়ি পরে, ১০ বার স্বামী বদলায়
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, এরা জাল ভোটে দিতে ওস্তাদ। আওয়ামী লীগের লোকজন কেবল নিজের ভোট নিজে দেয়। আর জামায়াত ১০ বার শাড়ি পরে, ১০ বার স্বামী বদলায়। ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দেয়। তাই এরা ইভিএম  পদ্ধতি মানে না।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মহিবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং দক্ষিণ চট্টগ্রামের সাংসদ ও নেতারা।

এনামুল হক বলেন, বিএনপি  ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তাঁকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছিল। এরা যখন ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট চালিয়েছে। আবার তারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে এনামুল হক বলেন, ‘নিজেরা নিজেদের মধ্যে আত্মকলহ করবেন না। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটা যেন সংকটে রূপ না নেয়। আর এমপি সাহেবদের বলছি, দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করবেন। নেতা-কর্মীদেরও বলছি, পান থেকে চুন খসলে এমপি সাহেবদের সমালোচনা করবেন না।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ব্যক্তিতান্ত্রিক চর্চার প্রবণতা নেতা-কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে। নিজেরা নিজেদের সমালোচনা করছে। বিএনপি-জামায়াত যা করছে না, সেটা আমরা করছি। তাহলে বিএনপি-জামায়াতের মিথ্যা প্রচারণা কীভাবে ঠেকাব আমরা? ওরা ৩০টা টিভি চ্যানেলে প্রতিদিন গুম ও খুনের কথা প্রচার করছে। ১৬ কোটি মানুষের দেশে আওয়ামী লীগের শাসনামলে ২৮০ জন নাকি নিখোঁজ রয়েছে। এমন তো হতে পারে, ওরা দেশ ছেড়ে আত্মগোপনে আছে।’