'৭০ ভাগ রোগজীবাণুর বাহক পশুপাখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স, নিপাহ ভাইরাস, ব্রুসেলোসিস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ডায়রিয়ার মতো ভয়াবহ রোগগুলো পশুপাখির মাধ্যমে মানবদেহে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী মানুষের দেহে সৃষ্ট ৭০ ভাগ রোগের জীবাণু বহন করে পশুপাখি। তাই মানবস্বাস্থ্য রক্ষায় প্রাণিস্বাস্থ্য ও এদের রোগপ্রতিরোধে বিশেষ নজর দিতে হবে।
প্রাণিচিকিৎসক ও গবেষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২৩তম বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন প্রাণিবিজ্ঞানীরা। ‘প্রাণীর রোগনিয়ন্ত্রণে প্রস্তুতি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধন করা হয়।
বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য মো. আলী আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসভিইআরের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন মাহবুব মোস্তফা। অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদ্য নিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি সুজান লোরাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।
দুই দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের ১০৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক প্রাণিচিকিৎসক ও গবেষক অংশ নিচ্ছেন। সম্মেলনে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক থমাস ভালেনক্যাম্পকে বর্ষসেরা গবেষকের সম্মাননা দেওয়া হয়।