নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় তিন বিচারকসহ পাঁচজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। ২৪ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ মামলার ২৩ আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ আসামিদের আদালতে হাজির করা হয়।
গতকাল সাত খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলী, তিনজন হাকিমসহ মোট পাঁচজন সাক্ষ্য দেন। অন্য সাক্ষ্যদাতারা হলেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহমেদ, বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফ, সাবেক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম ও অ্যাডভোকেট হুমায়ূন কবীর।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী তাঁর সাক্ষ্যে বলেন, সাতজনকে তুলে নেওয়ার আগে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৮ থেকে ১০ জন সশস্ত্র র্যাব সদস্যকে ‘ওত পেতে থাকতে’ দেখেন।
পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, সকাল সাড়ে নয়টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত চলে। তিন বিচারকসহ পাঁচজন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে ২৪ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এ নিয়ে দুটি মামলায় ৫১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, গতকাল সাক্ষ্যদাতাদের মধ্যে অপহরণ ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন, যা ভবিষ্যতে বিচারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোহাম্মদ আলী আদালতে বলেন, ‘সাতজনকে তুলে নেওয়ার আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ৮-১০ জন র্যাব সদস্যকে ওত পেতে থাকতে দেখেছি। তাঁদের গায়ে কালো রঙের পোশাক ও কাঁধে র্যাব লেখা ছিল। ওই সময় ভেবেছিলাম, র্যাব সদস্যরা হয়তো কোনো চেক পোস্ট বসাবেন। তাঁদের সবার হাতে অস্ত্র ছিল।’
মোহাম্মদ আলী বলেন, ঢাকার ফকিরাপুল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঘটনার দিন নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় বড় ভাই মোস্তফা কামালসহ হাজিরা দিতে যান। দুপুর ১২টায় হাজিরা শেষে আদালতের সামনে থেকে বন্ধন পরিবহনের একটি বাসে চড়ে কর্মস্থলে যাওয়ার পথে তিনি ওই দৃশ্য দেখতে পান। তিনি বলেন, কর্মস্থলে পৌঁছার পর তাঁর বড় ভাই তাঁকে টেলিফোনে বলেন, নজরুল ইসলামসহ সাতজনকে নাকি র্যাব তুলে নিয়ে গেছে। পরে বেলা তিনটার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় দেখতে পান, বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে।