‘৯ মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে’
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, আগামী নয় মাসের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে। এই সময়ে জাতীয় গ্রিডে এক হাজার ২০০ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করা হবে। প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে তা জাতীয় গ্রিডে সংযোজনের ব্যবস্থা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি ডিটি একাডেমি মাঠে গতকাল বুধবার বিকেলে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রেশনিংয়ের মাধ্যমে সব এলাকায় প্রায় একই রকম বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।প্রতিমন্ত্রী আরও বলেন, সমগ্র জাতি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উন্মুখ হয়ে আছে। অথচ বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও তাঁদের রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কোনো ইস্যু ছাড়াই তিনি হরতাল ও গণমিছিলের মতো কর্মসূচি দিচ্ছেন। দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মরিচাকান্দি ডিটি একাডেমির প্রধান শিক্ষক বজলে হোসেন জাহেদী প্রমুখ।এর আগে প্রতিমন্ত্রী প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর ভাঙন রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।