’আরও চার পৌরসভার পুনঃ তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন আরও চারটি পৌরসভার নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করেছে। এগুলো হলো—নরসিংদীর মাধবদী, দিনাজপুরের পার্বতীপুর, শরীয়তপুরের জাজিরা ও ফেনীর দাগনভূঞা। আগামী ২৭ জানুয়ারি এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গতকাল বৃহস্পতিবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন প্রথম আলোকে জানিয়েছেন। এর আগে হাইকোর্টের নির্দেশে এসব পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে আপিল বিভাগ হাইকোর্টের নির্দেশনা স্থগিত করে আদেশ দেন। যে কারণে আপাতত এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনো সমস্যা নেই।কমিশনের তফসিল অনুযায়ী চার পৌরসভায় ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সুযোগ থাকবে। ১ ও ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি।শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি এস কে সিনহা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ফলে নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী এ এম আমিনউদ্দিন।জানা যায়, গত ১৫ ডিসেম্বর ভোটার তালিকা নিয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। এতে স্থগিতাদেশ চেয়ে ওই পৌরসভার দুই মেয়র প্রার্থী নজরুল ইসলাম ও খোকন সিংহ আপিল বিভাগে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত স্থগিতাদেশ দেন। ১৮ জানুয়ারি শ্রীমঙ্গল পৌরসভার ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।আদালতে আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহায়তা করেন আইনজীবী এ এম আমিনউদ্দিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক।