’কালো বলে নির্যাতন!
‘মুই কালা হওয়ায় ওমরা (স্বামী) বিয়ের পর থাকি ঝগড়া করে। মারপিট করে। মোক খালি ছাড়ি দিবার ভয় দেখায়। যৌতুক হিসাবে টাকা দাবি করলে বাবা কষ্ট করে টাকাও দেয়। এই টাকা পাওয়ার পরেও মোক মারে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রংপুরের আলেমা বেগম (২০)। কিছুক্ষণ পর পর ব্যথায় আঁতকে উঠছিলেন তিনি।গত বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগের ১৬ নম্বর শয্যার পাশে আলেমার সঙ্গে কথা হয়। ছবি তুলতে গেলে স্বামীর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন, আবার না কোনো নির্যাতন করেন। গরম চামচের ছ্যাঁকায় ঝলসে গেছে তাঁর গালের বাঁ পাশ।আলেমা জানালেন, যৌতুকের দাবিতে ১৮ ডিসেম্বর রংপুর শহরের উত্তর কেল্লাবন্দ এলাকায় শ্বশুরবাড়িতে অটোরিকশার চালক স্বামী মোক্তারুল ইসলাম (২৫) পিতলের বড় চামচ গরম করে তাঁর বাঁ গাল ঝলসে দেন। এর পরও তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। ভয়ভীতি দেখিয়েছেন। পুলিশকে জানালে ভিটেছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। একদিন শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে দেড় বছরের ছেলেকে নিয়ে সদর উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামে বাবার বাড়িতে চলে যান আলেমা বেগম। ২০ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সহকারী রেজিস্ট্রার শাহিন শাহ প্রথম আলোকে জানান, আলেমার চিকিৎসা চলছে। আপাতত ভয়ের কারণ নেই। তবে মুখের দাগ সারতে সময় লাগবে।আলেমার পরিবার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে উত্তর বানিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মেয়ে আলেমার সঙ্গে উত্তর কেল্লাবন্দের অটোরিকশাচালক মোক্তারুলের বিয়ে হয়।আবদুর রহমান অভিযোগ করে বলেন, মেয়ে কালো হওয়ায় বিয়ের পর যৌতুক হিসেবে মোক্তারুলকে ৪৫ হাজার টাকা দেওয়া হয়। পরে মোক্তারুল আরও টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারায় মেয়ের ওপর শারীরিক নির্যাতন ও তালাক দেওয়ার হুমকি দেন মোক্তারুল। শেষমেশ পিতলের চামচ আগুনে গরম করে মুখে ছ্যাঁকা দেন।আবদুর রহমান ও তাঁর স্ত্রী অঞ্জিনা খাতুন মেয়ের ওপর নির্যাতনের বিচার দাবি করেছেন।উত্তর কেল্লাবন্দে গিয়ে মোক্তারুলকে পাওয়া যায়নি। তাঁর বাবা মকসুদুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটাই ছেলে। মোর কথা শোনে না।’যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।