’নারায়ণগঞ্জে বিপাকে হাজারো গ্রাহক, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত ঢাকা ওয়াসা গভীর নলকূপ স্থাপনকারী গ্রাহককে অনুমোদন নেওয়ার জন্য নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অনুমোদন না নিলে গভীর নলকূপটি অবৈধ হিসেবে গণ্য হবে এবং ওয়াসার নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ওয়াসার আকসিঞ্চক এই নোটিশে নারায়ণগঞ্জে বিপাকে পড়েছে গভীর নলকূপের হাজার হাজার আবাসিক গ্রাহক। ওয়াসার নোটিশকে গণবিরোধী অভিহিত করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন করে। এ সময় নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি রাশেদ সারোয়ার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুব ইসমাইল, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক হানিফুল কবীর, মহিলা পরিষদের শহর কমিটির সাধারণ সম্পাদিকা শাহানারা বেগম, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, কল্যাণী সেবা সংঘের জব্বার চিশতী, ওয়াসার গ্রাহক এ ওয়াই এম হাসমত উল্লাহ, আবদুহু সাফি মাহমুদ ফারুক প্রমুখ। সমাবেশে রফিউর রাব্বি বলেন, ১৯৮৮ সাল থেকে নারায়ণগঞ্জে পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। এর আগে পানি সরবরাহ করত নারায়ণগঞ্জ পৌরসভা। দায়িত্ব নিয়েই ওয়াসা রাজধানী ঢাকার সমহারে রাজস্ব নির্ধারণ করায় নারায়ণগঞ্জবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওয়াসা হটাও সংগ্রাম পরিষদ গঠন করে। এই সংগ্রাম পরিষদের ডাকে সে সময় নারায়ণগঞ্জে আন্দোলন, সংগ্রাম এমনকি হরতালও পালিত হয়েছে। দীর্ঘ ২৪ বছরেও ওয়াসার বিতরণ লাইন উল্লেখযোগ্য পরিমাণ বাড়েনি। অথচ জনসংখ্যা বেড়েছে অনেক। সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় বেশির ভাগ জায়গায়ই ওয়াসার বিতরণ লাইন নেই। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল ফতুল্লা ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও গত ২৪ বছরে ওয়াসা সেখানে কার্যক্রম শুরু করতে পারেনি। রফিউর রাব্বি আরও বলেন, ওয়াসার বিতরণ লাইন ও সরবরাহ ক্ষমতা কম থাকায় নারায়ণগঞ্জের বেশির ভাগ আবাসিক ভবনের মালিক বিশুদ্ধ পানির জন্য বিপুল অর্থ ব্যয় করে নিজ বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে বাধ্য হয়েছেন। ২০০৭ সালে ওয়াসা গভীর নলকূপ স্থাপনের জন্য অনুমোদন ফি ৮০ হাজার টাকা ও নবায়ন ফি ৫০ হাজার টাকা ধার্য করে প্রজ্ঞাপন জারি করে। নাগরিক কমিটির গণ-আন্দোলনের মুখে সেই সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এই ফি অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেন। কিন্তু নাগরিক কমিটি এই ফি সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায্য বলে তা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবি জানালে তিনি কমিটির সঙ্গে পুনরায় বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই দিন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের আগে এ ব্যাপারে সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। রফিউর রাব্বি বলেন, নাগরিক কমিটি ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি ওয়াসার প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে বসলে তিনিও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। অথচ প্রতিশ্রুতি ভঙ্গ করে ওয়াসা ১৪ মার্চ থেকে গভীর নলকূপ ব্যবহারকারী গ্রাহকদের সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্র প্রদর্শন অথবা অনুমতি নেওয়ার জন্য নোটিশ দিয়েছে; যা সম্পূর্ণ অনৈতিক ও আইনবহির্ভূত বলে নাগরিক কমিটি মনে করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নারায়ণগঞ্জের গ্রাহকদের পক্ষে কোনোভাবেই ওয়াসাকে এত টাকা একসঙ্গে পরিশোধ করা সম্ভব হবে না। অনেক গ্রাহকের এই অর্থ সাত দিনের মধ্যে পরিশোধের সামর্থ্যও নেই। এ ব্যাপারে ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ রাজস্ব অঞ্চলের রাজস্ব কর্মকর্তা মোহামঞ্চদ আবু ছাইদ জানান, ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়ম মোতাবেক অবৈধ নলকূপ ব্যবহারকারীদের নোটিশ দেওয়া হয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে বাড়ি ভাড়া কম হওয়ায় এখানে রাজস্বও কমানো হয়েছে। দুই ইঞ্চি ব্যাসের পাইপের গভীর নলকূপ ব্যবহারকারী গ্রাহককে অনুমোদনের জন্য এককালীন ৪০ হাজার টাকা দিতে হবে। বার্ষিক নবায়ন ফি ২০ হাজার টাকা। মিটার লাগানোর পরে প্রতি হাজার লিটার পানি ব্যবহারে রাজস্ব দিতে হবে তিন টাকা করে। এত দিন অবৈধ নলকূপ ব্যবহারের জন্য তাকে কোনো জরিমানা বা কৈফিয়ৎ দিতে হবে না। সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঢাকা ওয়াসার কার্যক্রম পুরোটাই পড়েছে সিটি করপোরেশন এলাকায়। বিষয়টি ওয়াসার গ্রাহকেরা আমাকে জানিয়েছে। এ ব্যাপারে ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’