’সুদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে গ্রামীণ ব্যাংক
বিবিসি টেলিভিশনের ‘হার্ডটক’ অনুষ্ঠানে গরিব মানুষের কাছে ৩০, ৪০ বা ৪৫ শতাংশ সুদ নেওয়াটা ন্যায়সংগত কি না, তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রশ্ন তুলেছেন, তার ব্যাখ্যা দিয়েছে গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির দাবি, গ্রামীণ ব্যাংকের সুদের হার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যে অসংগতি রয়েছে। বিবিসি টেলিভশন গত সোমবার প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকার সম্প্রচার করে। এতে তিনি গ্রামীণ ব্যাংকের নাম উল্লেখ না করে বলেন, গরিব মানুষের কাছ থেকে ৩০, ৪০ বা ৪৫ শতাংশ হারে সুদ নেওয়া কি ন্যায়সংগত? না। গতকাল মঙ্গলবার ব্যাংকের তথ্য ও গণমাধ্যম শাখার মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকে পাঁচ ধরনের ঋণ কার্যক্রমের জন্য পাঁচ ধরনের সুদের হার প্রচলিত। এর মধ্যে উপার্জনশীল খাতে ঋণের সর্বোচ্চ সুদ ২০ শতাংশ। এক হাজার টাকা ঋণ নিলে এক বছরে সাপ্তাহিক কিস্তিতে এ ঋণ পরিশোধ করলে মোট পরিশোধ করতে হয় এক হাজার ১০০ টাকা। অর্থাৎ, এক হাজার টাকার ঋণের ওপর বছরে মোট ১০০ টাকা সুদ। মূল টাকার ওপর সরল সুদে মাত্র ১০ শতাংশ হারে সুদ দিতে হয়। সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করা হয় বলে এ ঋণের কার্যকর সুদ ২০ শতাংশ।ব্যাখ্যায় বলা হয়, গৃহনির্মাণের জন্য ঋণ নিলে ৮ শতাংশ হারে সুদ দিতে হয়। সদস্যের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় ঋণ নিলে শিক্ষা চলাকালীন কোনো সুদ ধরা হয় না। শিক্ষা শেষে ৫ শতাংশ হারে সুদ ধরা হয়। গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদের যে ঋণ দেয়, তা সুদবিহীন। সদস্যদের কেন্দ্রঘর নির্মাণের জন্য যে ঋণ দেওয়া হয়, সেটাও সুদবিহীন। প্রসঙ্গত, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি—এমআরআই) আইন, ২০০৬-এর আওতায় প্রণীতব্য বিধিমালার খসড়া বিষয়ে ২০০৯ সালের ৪ এপ্রিল অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের সাধারণ ক্ষুদ্রঋণের বর্তমান কার্যকর বার্ষিক সুদের হার ২০ শতাংশ।